Ajker Patrika

যশোরে দুই আদালতে ৩ ককটেল বিস্ফোরণ

যশোর প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ২২: ৪৫
যশোরে দুই আদালতে ৩ ককটেল বিস্ফোরণ
সহকারী জজ আদালতের দেয়াল লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। ছবি: আজকের পত্রিকা

যশোরে দুই আদালতে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে অবস্থিত সহকারী জজ আদালত এবং সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়াল ও সীমানাপ্রাচীরের ভেতরে এসব বিস্ফোরণ ঘটানো হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

এদিকে এ ঘটনার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতা-কর্মীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত চলন্ত অবস্থায় সহকারী জজ আদালতের দেয়াল লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে। এর একটি আদালতের ভেতরে এবং অন্যটি আদালতের প্রাচীরে বিস্ফোরিত হয়। এরপর প্রায় ৫০০ মিটার দূরে সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় তারা।

দুই স্থানে বিকট শব্দে বিস্ফোরণের পর ধোঁয়ার সৃষ্টি হয়। প্রায় দুই মিনিটের ব্যবধানে শহরের গুরুত্বপূর্ণ দুটি স্থানে বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিস্ফোরিত ককটেলের বিভিন্ন নমুনা সংগ্রহ করেন।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, শহরের স্পর্শকাতর স্থানে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ঘটনার পরপরই আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোটরসাইকেল আরোহী হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে থানা ও গোয়েন্দা পুলিশের একাধিক দল কাজ করছে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ অভিযান চালানো হচ্ছে।

ককটেল বিস্ফোরণের পর এলাকায় ধোঁয়া দেখা যায়। ছবি: আজকের পত্রিকা
ককটেল বিস্ফোরণের পর এলাকায় ধোঁয়া দেখা যায়। ছবি: আজকের পত্রিকা

এদিকে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে শহরের লালদিঘি এলাকার দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির নেতা-কর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে ঘটনাস্থল পরিদর্শন করেন যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্যসচিব আনছারুল হক রানা, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পীসহ নেতা-কর্মীরা।

এ সময় যুবদলের নেতারা অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা দুটি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন। জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ বলেন, পলাতক আওয়ামী লীগ নেতা-কর্মীরা শান্তিপ্রিয় যশোরকে অশান্ত করতে চাইছেন। যাঁরা এভাবে যশোরকে অশান্ত করতে চাইছেন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে তাঁদের কঠোরভাবে প্রতিহত করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত