Ajker Patrika

ইজিবাইকে তুলে নিয়ে মাদ্রাসাছাত্রকে নির্যাতন, টাকা ছিনতাইয়ের পরও লাখ টাকা দাবি

যশোর প্রতিনিধি
ইজিবাইকে তুলে নিয়ে মাদ্রাসাছাত্রকে নির্যাতন, টাকা ছিনতাইয়ের পরও লাখ টাকা দাবি
প্রতীকী ছবি

যশোরে অস্ত্রের মুখে এক মাদ্রাসাছাত্রকে জোরপূর্বক ইজিবাইকে তুলে নিয়ে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে। পরে তাঁকে ছেড়ে দেওয়া হলেও মোবাইল ফোনে এক লাখ টাকা দাবি এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. ইয়াসিন আরাফাত (২০)। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

ইয়াসিন আরাফাত যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের সীতারামপুর শেখপাড়ার বাসিন্দা। তিনি রূপদিয়া জিরাট মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী।

অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার সীতারামপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশের সড়ক দিয়ে খেলা দেখতে যাচ্ছিলেন ইয়াসিন। এ সময় ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তি তাঁর পথরোধ করে ধারালো অস্ত্রের ভয় দেখায়। পরে তাঁকে জোর করে একটি ইজিবাইকে তুলে চোখ কাপড় দিয়ে বেঁধে ঝুমঝুমপুর ময়লাখানার পেছনের একটি বাগানে নিয়ে যায়।

সেখানে অপহরণকারীরা তাঁর পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ সময় তাঁর কাছে থাকা ৫ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। টাকা আদায়ের জন্য তাঁকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, রাত ৯টার দিকে ইয়াসিনকে ছেড়ে দেওয়ার সময় অপহরণকারীরা পরে একটি বিকাশ নম্বর দিয়ে সেখানে টাকা পাঠানোর নির্দেশ দেয়। অন্যথায় প্রাণনাশের হুমকি দেয় তারা।

বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান ইয়াসিন। এরপর আজ সকাল থেকে একটি মোবাইল নম্বর দিয়ে ফোন করে তাঁর কাছে এক লাখ টাকা দাবি করা হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন ধরনের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় ইয়াসিন ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার তদন্ত কর্মকর্তা মো. বদরুজ্জামান মোল্লা বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চানপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জকে নির্দেশনা দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত