যশোরের চৌগাছা উপজেলার বল্লভপুর বাঁওড়ের ইজারাদার বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতি। দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর জলাশয়টি দখল করে নিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা। তাঁরা টানা চার মাস লুটপাট চালিয়ে প্রায় ১ কোটি টাকার মাছ ধরে নিয়েছেন।
সমিতির সদস্য জেলেরা ১২ ডিসেম্বর মাছ ধরতে বাঁওড়ে নামলে দখলদারেরা বাধা দেন। সেই সঙ্গে জেলেদের হিন্দুপাড়ায় মহড়া দিয়ে প্রাণনাশের হুমকি এবং মাছ ধরার জাল ও নৌকা কেড়ে নেন। এতে করে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন সদস্যরা।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় সুখপুকুরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জিন্নাত আলী, আওয়ামী লীগ নেতা আইজেল হক, মিজানুর রহমান ও তাঁদের সহযোগীরা উপজেলা আওয়ামী লীগের এক শীর্ষ নেতার ছত্রচ্ছায়ায় গত জুন থেকে বাঁওড়টি দখলের চেষ্টা করছিলেন। এর মধ্যে ৫ আগস্ট সরকার পতনের পর চক্রটি বিএনপিতে ভিড়ে যায়। জিন্নাতের ছেলে আসাদুজ্জামান আসাদ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক হওয়ায় তাঁরা দাপট দেখাতে শুরু করেন। সঙ্গে যোগ দেন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত অনেক আত্মীয়। তাঁরা মিলে গত ৬ আগস্ট থেকে বাঁওড়ের মাছ লুট শুরু করেন।
সমিতির সদস্যরা স্বেচ্ছাসেবক দলের নেতা আসাদ ও জেলা বিএনপির এক শীর্ষ নেতার সম্মতি নিয়ে ও প্রশাসনকে জানিয়ে ১২ ডিসেম্বর বাঁওড়ের মাছ শিকারের সিদ্ধান্ত নেন। কিন্তু ওই দিন সকালে আসাদের অনুসারী ও আত্মীয় বিএনপির কর্মী রুস্তম আলী, মশিয়ার রহমান, হুজুর আলী, সেলিম, মনিরুজ্জামানসহ ১৫-২০ জন সদস্যকে মাছ ধরতে বাধা এবং নৌকা ছিনিয়ে নেন। পরে পুলিশের হস্তক্ষেপে নৌকাটি ফেরত পাওয়া যায়। কিন্তু ওই দিন রাতে তালা ভেঙে চারটি নৌকা নিয়ে যায় জিন্নাত ও আইজেলের ক্যাডার বাহিনী। এ ছাড়া মাছ ধরার সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইজেলকে আটক করলেও মুচলেকা নিয়ে ছেড়ে দেয়।
এ বিষয়ে কথা হলে চৌগাছা বিএনপির সভাপতি এম এ সালাম বলেন, ‘সেখানে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব। এর সঙ্গে বিএনপি জড়িত নয়। আমরা চাই এটার সঠিক তদন্ত হয়ে বিচার হোক।’
জানতে চাইলে স্বেচ্ছাসেবক দলের নেতা আসাদ বলেন, ‘আমি ন্যায়ের পক্ষে। দুই দিন আগেও চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বলেছি, নৌকা ও জাল উদ্ধার করে ফেরত দিতে। একই সঙ্গে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে। হিন্দু সম্প্রদায়ের ওপর যে নির্যাতন করবে; তাঁকে শাস্তি দিতে হবে। সেটা আমার বাবা হলেও মাপ করা হবে না।’
যোগাযোগ করা হলে চৌগাছা থানার ওসি পায়েল হোসেন বলেন, বাঁওড়ের মাছ লুট বা ডাকাতির মামলা থানায় হয় না। মামলা আদালতের মাধ্যমে করতে হয়। বাঁওড়ে এখন স্থিতি অবস্থা বিরাজ করছে। দুই পক্ষকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বলা হয়েছে।

রাজধানীর আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারে বাসা ভাড়ার টাকাকে কেন্দ্র করে কিল-ঘুষির আঘাতে স্বপন (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে আটক করেছে পুলিশ।
৩ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর ঘিরে উচ্ছ্বসিত মাদারীপুরবাসীও। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে এবং ঢাকা-বরিশাল মহাসড়কে অবস্থান নিয়েছে স্থানীয় নেতা-কর্মীরা। আজ সোমবার সকালে সড়কপথে ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে সরাসরি বরিশাল যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান...
২ ঘণ্টা আগে
চট্টগ্রামে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সদর দপ্তরের নিজস্ব ভবনে অফিস শুরুর প্রথম দিনেই দেয়াল চুইয়ে ঢুকেছে বৃষ্টির পানি। এই পানি থেকে রক্ষা পেতে পাঁচতলা ভবন ত্রিপলে ঢেকে দেওয়া হয়।
৪ ঘণ্টা আগে
বাগেরহাটের ফকিরহাটে ভৈরব নদ পুনঃখননে ব্যয় হয়েছিল ২৩ কোটি টাকা। লক্ষ্য ছিল নাব্যতা ফিরিয়ে এনে আশপাশের এলাকার জলাবদ্ধতা কমানো এবং নৌপথ সচল করা। কিন্তু খননের ছয় মাসের মধ্যেই নদ আবার পলি জমে ভরাট হয়ে যায়। বন্ধ হয়ে যায় নৌযান চলাচল।
৯ ঘণ্টা আগে