Ajker Patrika

মাদক সেবন করে মাকে মারধরের অভিযোগে যুবকের কারাদণ্ড

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি  
মাদক সেবন করে মাকে মারধরের অভিযোগে যুবকের কারাদণ্ড
মাদক সেবন করে মাকে মারধরের অভিযোগে গাদ্দাম ব্যাপারীকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দেওয়া হয়েছে। ছবি: আজকের পত্রিকা

জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে মারধরের অভিযোগ উঠেছে গাদ্দাম ব্যাপারী (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে। ভুক্তভোগী ওই মা পুলিশে খবর দিলে তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে ওই যুবককে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. জুবায়ের তাঁকে কারাদণ্ড দেন।

গাদ্দাম ব্যাপারী পৌর শহরের ব্যাপারীপাড়া এলাকার মো. পাক ব্যাপারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাদ্দাম ব্যাপারী দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিলেন। পরিবারের সদস্যদের নিষেধও মানছিলেন না তিনি। আজ সকালে নিজ বাড়িতে মাদক সেবনের পর তাঁর মাকে মারধর করেন। অতিষ্ঠ হয়ে থানা-পুলিশে খবর দেন ভুক্তভোগী মা। খবর পেয়ে পুলিশ গাদ্দামকে আটক করে। পরে উপজেলা পরিষদের প্রশাসক কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ সময় গাদ্দাম ব্যাপারীর ছোট ভাই মানিক ও তাঁর মা উপস্থিত ছিলেন।

ইউএনও শাহ মো. জুবায়ের আজকের পত্রিকাকে বলেন, মাদক সেবন করে পরিবারের সদস্যদের সঙ্গে অসদাচরণের অভিযোগে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া এক শ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে তাঁকে।

ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল রানা বলেন, কারাদণ্ডপ্রাপ্ত গাদ্দাম ব্যাপারীকে রাতেই জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত