জামালপুরে বাড়িতে ঢুকে স্বর্ণকারকে হত্যা, অভিযুক্ত আটক

জামালপুরের ইসলামপুরে নিজ বসতঘরে শ্রী অমৃত সরকার (৪৪) নামের এক স্বর্ণকারকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় রাশেদ মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বেলগাছা ইউনিয়নের মন্নিয়াচর বাজার-সংলগ্ন এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত অমৃত সরকার ওই এলাকার অমল সরকারের ছেলে। তিনি নিজ বসতবাড়িতেই সোনার দোকান পরিচালনা করতেন। আটক রাশেদ মিয়া গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার খাটিয়ামারী এলাকার ফজল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার খাটিয়ামারী বাজারে সোনার দোকান পরিচালনা করতেন অমৃত সরকার। তখনই রাশেদ মিয়ার সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে খাটিয়ামারী বাজার ছেড়ে নিজ বাড়িতে সোনার দোকান চালু করেন অমৃত। পূর্বপরিচয়ের সূত্র ধরে মাঝেমধ্যে তাঁর বাড়িতে যাতায়াত করতেন রাশেদ।
আজ সকালে সবার অগোচরে অমৃত সরকারের ঘরে প্রবেশ করেন রাশেদ। একপর্যায়ে সোনার অলংকার তৈরির কাজে ব্যবহৃত ‘চিমটা’ দিয়ে তাঁর চোখে আঘাত করেন। এতে অমৃতের মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দারা রাশেদকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে থানায় নিয়ে যায় এবং অমৃত সরকারের লাশ উদ্ধার করে।
নিহত অমৃত সরকারের বড় ভাই শ্রী মনসা সরকার বলেন, ‘অমৃত সরকারের সঙ্গে পূর্বপরিচয়ের সূত্র ধরে রাশেদ মাঝেমধ্যে আমাদের বাড়িতে আসা-যাওয়া করতেন।’ তিনি অভিযোগ করেন, রাশেদই তাঁর ভাইকে হত্যা করেছেন।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া রাশেদ নামের এক ব্যক্তিকে থানায় আনা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।









