ডিজেল-পেট্রল কম দেওয়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা

জামালপুরের বকশীগঞ্জে পরিমাপে ডিজেল ও পেট্রল কম দেওয়ার অভিযোগে দুই ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার বগারচর ইউনিয়নের সারমারা বাজার ও রামরামপুর খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ওজন ও মানদণ্ড আইনে সারমারা বাজারের ব্যবসায়ী আলমাছ হোসেনকে ১০ হাজার টাকা ও রামরামপুর খেয়াঘাটের ব্যবসায়ী সিরাজুল ইসলামকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন বকশীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। এ সময় ময়মনসিংহ বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী আবিদ হাসান উপস্থিত ছিলেন। অভিযানে সহযোগিতা করে বকশীগঞ্জ থানা-পুলিশ।









