Ajker Patrika

মোবাইল চুরির অপবাদ দিয়ে ২ কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৪ জুন ২০২৬, ২১: ০৫
মোবাইল চুরির অপবাদ দিয়ে ২ কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ
রশি দিয়ে বেঁধে দুই কিশোরকে মারধর। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাটে মোবাইল চুরির অভিযোগ তুলে দুই কিশোরকে গাছে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে মাঠে নেমেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (২৩ জুন) বেলা ৩টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ডুলনা গ্রামে এই ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা আহত দুই কিশোরকে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গাজীপুর ইউনিয়নের ডুলনা গ্রামের সানু মিয়ার ছেলে (১২) ও আহমদাবাদ ইউনিয়নের ছয়শ্রী গ্রামের মৃত মীর হোসেনের ছেলে (১৬) স্থানীয় একটি জমিতে মাছ ধরতে যায়। এ সময় ডুলনা গ্রামের দুপরাজ মিয়ার ছেলে রুবেল মিয়া ও ছয়শ্রী গ্রামের রইছ আলীর ছেলে হাছন আলী তাদের ডেকে নেয়। পরে মোবাইল চুরির সন্দেহে দুই কিশোরকে দড়ি দিয়ে গাছে বেঁধে ফেলে। এরপর আরও কয়েকজনকে জড়ো করে তাদের বেধড়ক মারধর করা হয়।

আজ বুধবার সকালে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে বিষয়টি পুলিশের নজরে এলে চুনারুঘাট থানা-পুলিশ ঘটনাস্থল ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে খোঁজখবর নেওয়া শুরু করে।

ভুক্তভোগী পরিবারের দাবি, মাছ ধরার সময় ওই দুই কিশোরকে কৌশলে ডেকে নিয়ে ‘চোর ধরেছি’ বলে স্থানীয় লোকজন জড়ো করা হয়। এরপর তাদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। মারধরের একপর্যায়ে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা।

১৬ বছরের কিশোরের মা খুর্শেদা আক্তার বলেন, ‘আমার ছেলেকে অন্যায়ভাবে মারধর করা হয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের বিচার চাই। মারধরের সময় আমার ছেলেকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে। পরে সে তাদের হাত-পা ধরে কোনোমতে রক্ষা পায়।’

এই ঘটনায় চুনারুঘাট থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

দুই কিশোরকে মারধরের বিষয়ে জানতে চাইলে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘আজ সকালে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আমার নজরে আসে। তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগী পরিবার থেকে একটি লিখত অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত