Ajker Patrika

আটক আ.লীগ নেতাকে ছিনিয়ে নিয়ে পুলিশের ওপর হামলা, আহত ৫

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ১৮: ২৩
আটক আ.লীগ নেতাকে ছিনিয়ে নিয়ে পুলিশের ওপর হামলা, আহত ৫
ফাইল ছবি

ফরিদপুরের চরভদ্রাসনে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

আজ মঙ্গলবার উপজেলার পদ্মা নদীর চরবেষ্টিত দুর্গম এলাকা চরশালেহপুরের ছোরমান খাঁর বাজারে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) রিপন হোসেন, এসআই মোজাম্মেল হক, এসআই মো. রফিকুজ্জামান, এএসআই গাজী সোহেল ও কনস্টেবল উজ্জল হোসেন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মা নদীর চরবেষ্টিত দুর্গম এলাকা চরশালেহপুরের বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির খাঁর নামে থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

ওই মামলায় ছোরমান খাঁর বাজার এলাকায় অভিযান চালিয়ে কবির খাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় বাজারে থাকা স্থানীয় বাসিন্দারা পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে পুলিশের কাছ থেকে কবির খাঁকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেন তাঁরা। এ সময় তাঁদের হামলায় পুলিশের পাঁচ সদস্য আহত হন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাফিজুর রহমান জানান, সকাল ৯টার দিকে পুলিশের পাঁচ সদস্য আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়, তাঁরা ভর্তি হননি।

ফরহাদ খাঁ নামের স্থানীয় এক বাসিন্দা জানান, ভোরে লুঙ্গি ও ট্রাউজার পড়ে পাঁচজন বাজারে এসে কবির খাঁকে মারধর করতে থাকেন এবং পুলিশ পরিচয় দিয়ে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যেতে চান। এ সময় বাজারে থাকা লোকজন তাঁদের পরিচয়পত্র দেখাতে বলেন, কিন্তু কোনো পরিচয়পত্র না দেখিয়ে মোটরসাইকেলে বসিয়ে নিয়ে যেতে থাকেন।

ওই সময় এলাকার লোকজন একত্র হয়ে তাঁদের ধাওয়া দিলে পড়ে গিয়ে আহত হন। এরপরে জানতে পারেন, তাঁরা পুলিশ এবং জানার পরেই গ্রাম-পুলিশের মাধ্যমে হ্যান্ডকাপ ফেরত দেওয়া হয়েছে।

এ বিষয়ে চরভদ্রাসন থানার (ওসির দায়িত্বপ্রাপ্ত) উপপরিদর্শক রফিকুজ্জামান বলেন, কবির খাঁ একজন চিহ্নিত ভূমিদস্যু। তাঁর বিরুদ্ধে থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। ওই মামলায় কবির খাঁকে আটক করা হয়। এ সময় তাঁর লোকজন আমাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, সম্প্রতি কবির খাঁর বিরুদ্ধে চর এলাকার শতাধিক মানুষের ভুট্টাখেত ও জমি দখলের অভিযোগ এনে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে এলাকাবাসী। তাদের অভিযোগ, গত ১৫ বছর আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে চর এলাকায় আধিপত্য বিস্তার করেন তিনি। প্রতিবাদ করতে গেলে তাঁদের ওপর হামলার ঘটনা ঘটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জ্বালানি সংকট: উপচে পড়ছে সব ডিপো, তবু তেল নিয়ে হাহাকার

সুদানে পাকিস্তানের ১.৫ বিলিয়ন ডলারের যুদ্ধবিমান বিক্রি আটকে দিল সৌদি

নওগাঁয় স্বামী-স্ত্রী ও দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যা

নওগাঁয় চার খুন: নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু, পুলিশি হেফাজতে বাবা, দুই বোন ও ভাগনে

প্রচণ্ড গরমে হোটেলের এসি কামরা ভাড়া নিলেন নারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত