Ajker Patrika

ফরিদপুরে বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণ, আহত ১

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণ, আহত ১
প্রতীকী ছবি

ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপির মিছিলে বিস্ফোরক জাতীয় ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় বিস্ফোরণে সুজন বেপারী (৩৫) নামে এক বিএনপি কর্মী আহত হয়েছেন। এ ছাড়া ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন বিক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা।

আজ রোববার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শহরের জনতা ব্যাংকের মোড়ে এ ঘটনা ঘটে।

আহত সুজন বেপারী জেলা সদরের চরমাধবদিয়া ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার আব্বাস বেপারীর ছেলে এবং বিএনপির সক্রিয় কর্মী বলে নেতাকর্মীরা জানিয়েছেন। এ ছাড়া আটক দুজনের মধ্যে রয়েছেন জেলা সদরের মাচ্চর ইউনিয়নের শিবরামপুর মঙ্গলপাড়া এলাকার হাসান চৌধুরীর ছেলে শাওন চৌধুরী (২৫) ও একই এলাকার মোস্তাক মণ্ডলের ছেলে বাকের আলী মণ্ডল (২৬)।

জানা গেছে, রাত সোয়া ৯টার দিকে শহরের পূর্বখাবাসপুর মহাকালী মোড় এলাকা থেকে জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপনের নেতৃত্বে একটি মিছিল বের হয়। এতে জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজসহ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। তাঁরা মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। মিছিলটি কোতোয়ালি থানার সামনে দিয়ে জনতা ব্যাংকের মোড়ে পৌঁছালে অতর্কিতভাবে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় বিস্ফোরণে সুজন বেপারী আহত হলে তাঁকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তাৎক্ষণিকভাবে পাশের একটি বাণিজ্যিক ভবনের ভেতর থেকে সন্দেহভাজন দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন তাঁরা।

রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সরোজিৎ দাস জানান, আহত সুজন বেপারীর ডান হাত ও দুই পায়ে রক্তাক্ত আঘাত রয়েছে। এ ছাড়া পায়ে কিছুটা ঝলসানো রয়েছে।

জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন দাবি করে বলেন, আমরা একটি শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাচ্ছিলাম। ঠিক জনতা ব্যাংকের মোড়ে পৌঁছালে আমাদের ওপর ককটেল নিক্ষেপ করা হয়। ঘটনাস্থল থেকে দুজনকে হাতেনাতে আটক করা হয়েছে, এরা আওয়ামী সন্ত্রাসী।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন বলেন, ঘটনাস্থল থেকে স্থানীয়রা দুজনকে আটক করে পুলিশে দিয়েছে। থানা-পুলিশ হেফাজতে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত