
ইতালি নেওয়ার প্রলোভন দেখিয়ে লিবিয়ায় নিয়ে বন্দিঘরে নির্যাতন ও মুক্তিপণ আদায় চলছে। আর এর শিকার হচ্ছেন তরুণেরা। লাখ লাখ টাকা মুক্তিপণ দিয়েও প্রাণে বেঁচে ফিরতে পারছেন না আর। এদিকে অর্থ, ভিটেমাটি আর আপনজন হারিয়ে নিঃস্ব পরিবারগুলো। এই অবস্থায় আজ বুধবার ‘মাফিয়া চক্রের বিচার ও টাকা ফেরতের দাবিতে’ বেলা সাড়ে ১১টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে ভুক্তভোগী পরিবারগুলো।
পরিবারগুলোর দাবি, একটি মাফিয়া চক্র জেলার অন্তত ১৫ পরিবারের কাছ থেকে প্রায় চার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। চক্রটির নির্যাতনে একজনের মৃত্যু হয়েছে এবং কয়েকজন সাড়ে তিন বছর ধরে নিখোঁজ রয়েছেন।
মানববন্ধনে লিবিয়া থেকে ফিরে আসা মিজানুর রহমান (৪০) মাটিতে গড়াগড়ি দিয়ে আর্তনাদ করেন। তিনি বলেন, ‘ও ভাই, কোন জায়গায় গেলে বিচার পাব? সরকার কি দেখছে না? এই মাফিয়ার বিচার করবে কারা? আমারে নিঃস্ব করে ফেলছে।’
মিজানুর রহমান ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসূতি ইউনিয়নের ফুলসূতি গ্রামের গেন্দু মাতুব্বরের ছেলে। তাঁকে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় আটকে নির্যাতন করে তিন দফায় ৬০ লাখ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পরে জানালা ভেঙে পালিয়ে লিবিয়ার পুলিশের কাছে ধরা দেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মাধ্যমে চলতি বছর দেশে ফিরেছেন তিনি।
মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে অন্তত ১১ জন চলতি বছর আইওএমের মাধ্যমে লিবিয়া থেকে দেশে ফিরেছেন। তাঁদের ভাষ্য, বন্দিঘরে নির্যাতনের ভয়াবহতা দেখে তাঁরা জানালা ভেঙে পালিয়ে লিবিয়ার পুলিশের কাছে ধরা দিয়েছিলেন।
ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের জাঙ্গালপাশা গ্রামের সালাম মাতুব্বরের ছেলে হাবিব মাতুব্বরকে (৪০) ২০২৩ সালে লিবিয়ায় নেওয়া হয় বলে জানান স্বজনেরা। ইতালি নেওয়ার কথা বলে প্রথমে ২০ লাখ টাকা নেওয়া হয়। পরে বন্দিঘরে নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে আরও ১০ লাখ টাকা নেওয়া হয় বলে অভিযোগ। এরপর আরও ১০ লাখ টাকা দাবি করা হলে পরিবারটি তা দিতে ব্যর্থ হয়। স্বজনদের অভিযোগ, নির্যাতন করে হাবিবকে হত্যা করা হয়। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি তাঁর মৃত্যুর খবর পায় পরিবার।
হাবিবের স্ত্রী তাসলিমা বেগম মানববন্ধনে স্বামী হত্যার বিচার দাবি করেন। তিন সন্তান নিয়ে বাবার বাড়িতে মানবেতর জীবন যাপন করছেন বলে জানান তিনি।
তাসলিমা বেগম বলেন, ‘মুক্তিপণের ১০ লাখ টাকা দিতে না পারায় আমার স্বামীরে মুরাদ মাইর্যা ফেলছে। আমার স্বামীর ১ শতাংশ জায়গা ছিল, সেই জমিও বিক্রি করে দিয়েছি। বর্তমানে তিন সন্তান নিয়ে বাবার বাড়িতে থাকতেছি। আমার স্বামী হত্যার বিচার চাই।’
মানববন্ধনে নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা জানান, নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের মোস্তফা মাতুব্বরের ছেলে আল-আমিন মাতুব্বর (২২), নাড়ুহাটি গ্রামের শাওন মাতুব্বর (২০) ও ফুলসূতি গ্রামের সোবহান মোল্যার ছেলে মাফুজ (২০) সাড়ে তিন বছর ধরে নিখোঁজ। তাঁদের কাছ থেকে যথাক্রমে ১৯ লাখ, ১৫ লাখ ও ২০ লাখ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়।
ভুক্তভোগীদের দাবি, চক্রটির মূল হোতা নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের মোহাম্মদ ব্যাপারীর ছেলে মুরাদ ব্যাপারী (৪০)। তাঁর সহযোগী হিসেবে কাজ করেন স্ত্রী তানিয়া আক্তার (৩৫), নগরকান্দা উপজেলার ফুলসূতি গ্রামের বকুল মাতুব্বর (৫০), ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের বাড়ৈইহাট গ্রামের আনোয়ার শেখ (৩৮) ও মনির মাতুব্বর (৩৪) এবং আসলাম ও শাহিন নামের আরও দুজন।
ভুক্তভোগীদের অভিযোগ, পাচার ও বন্দী নির্যাতনের মাধ্যমে টাকা নিয়ে মুরাদ ব্যাপারী গ্রামের বাড়িতে বিলাসবহুল বাড়ি করেছেন। বাড়িটি গোপনে বিক্রি করে দেশ ছাড়ার চেষ্টা করছেন বলেও দাবি করেন তাঁরা। মুরাদ ও তাঁর সহযোগীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান মানববন্ধনকারীরা।
পরিবারগুলোর অভিযোগ, নিখোঁজের ঘটনায় মামলা করা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। উল্টো তাঁদের নামে মিথ্যা মামলা ও হুমকি দেওয়া হচ্ছে।
মুরাদ ব্যাপারীর লিবিয়ার নম্বরের হোয়াটসঅ্যাপে একাধিকবার কল ও খুদে বার্তা পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। অন্য সহযোগীদের নম্বরে কল দিয়েও সাড়া মেলেনি।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল আজম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি নিয়ে আমাদের কাছে ভুক্তভোগী পরিবারগুলো অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া কেউ মামলা করে থাকলে সেই মামলার খোঁজ নিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

জামালপুরের মাদারগঞ্জে বাজি ধরে জনসম্মুখে জীবন্ত পাখি ছিঁড়ে খেয়ে ফেলার অভিযোগে ছাদুল্লাহ (৫০) নামে এক অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দি বাজারের এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার সৃষ্টি হয়।
২ মিনিট আগে
বরিশালে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নগর আহ্বায়ক অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুলকে আটক করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে নগরের একটি রেস্তোরাঁ থেকে তাঁকে আটক করা হয়। পরে থানায় তাঁর সঙ্গে দেখা করতে গেলে জাতীয় পার্টির আরও চার নেতাকে আটক করা হয়।
১৪ মিনিট আগে
সাতক্ষীরার দেবহাটায় ধর্মীয় অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কুলিয়া এলাকায় প্রথম দফায় মারধরের শিকার হন তিনি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আবারও হামলার শিকার হন বলে অভিযোগ করেছেন তা
২২ মিনিট আগে
প্রাথমিক অভিযোগপত্রে ১৯ জনকে সাক্ষী করা হয়েছিল। ২০২২ সালের ২৮ মার্চ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ওই বছরের ৪ ডিসেম্বর পর্যন্ত ৬ জনের সাক্ষ্য নেওয়া হয়। সাক্ষীদের মধ্যে ড. বদিউল আলম মজুমদার, খুশি বেগম ও মাহবুবুল আলম মজুমদার তাদের জবানবন্দিতে ইশতিয়াক মাহমুদ নামে একজনের কথা উল্লেখ করেন...
২৯ মিনিট আগে