Ajker Patrika

জুলাইকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে: জাহাঙ্গীর শিকদার

আজকের পত্রিকা ডেস্ক­
জুলাইকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে: জাহাঙ্গীর শিকদার
রাজধানীর নয়া পল্টনের ভাসানী মিলনায়তনে শনিবার জিয়া শিশু-কিশোর মেলা ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ‘রক্তাক্ত জুলাই-আগস্ট গণহত্যা’ স্মরণে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ছবি: সংগৃহীত

জিয়া শিশু-কিশোর মেলার সভাপতি জাহাঙ্গীর শিকদার বলেছেন, জুলাইকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে। বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা জুলাই আন্দোলন করেছি। শত–শত নেতা-কর্মীকে হারিয়েছি। তাদের ত্যাগের বিনিময়ে আমরা জুলাই পেয়েছি। সেই জুলাইকে বিতর্কিত করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রে পা দিয়েছে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীরা। তাই রাজনৈতিক শিষ্টাচার ভঙ্গ করে অশালীন ভাষায় কথা বলছে তারা।

আজ শনিবার রাজধানীর নয়া পল্টনের ভাসানী মিলনায়তনে জিয়া শিশু-কিশোর মেলা ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ‘রক্তাক্ত জুলাই-আগস্ট গণহত্যার’ স্মরণে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই বিক্রি করে তারা রাজনীতি করছে অভিযোগ করে জাহাঙ্গীর শিকদার বলেন, যে স্বপ্ন নিয়ে জুলাইয়ে প্রাণ দিয়ে যোদ্ধারা, তাদের সেই স্বপ্ন আজ প্রশ্নের মুখে। এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর অসভ্য বক্তব্যের কারণে জুলাই যোদ্ধারা আজ অপমানিত হচ্ছে। পাটওয়ারীদের কারণে দেশের মানুষের কাছে জুলাই মর্যাদা হারাচ্ছে। গণ-অভুত্থানের আগে নাসীরুদ্দীন পাটওয়ারীরা কতটা টাকা ও সম্পদের মালিক ছিল, আর এখন তাদের টাকা ও সম্পদ কত তা খোঁজ নিলেই বেরিয়ে আসবে। জুলাই বিক্রি করে তারা কতটা ধনবান হয়েছে।

জাহাঙ্গীর শিকদার বলেন, গণতন্ত্রের প্রকৃত মান নির্ধারিত হয় জনপরিসরের ভাষা দ্বারা। যে সমাজে রাজনৈতিক ভাষা যত বেশি যুক্তিনির্ভর, শালীন ও অন্তর্ভুক্তিমূলক, সেই সমাজের গণতন্ত্র তত বেশি পরিণত এবং রাজনৈতিক সংস্কৃতি ততই পরিশীলিত। আর যারা যুক্তির জায়গা দখল করে গালি, চরিত্রহনন, ব্যক্তিগত আক্রমণ ও ঘৃণার ভাষা ও নোংরা উক্তি ব্যবহার করছে তাদেরকে মানুষ চিহ্নিত করছে। সময়ের ব্যবধানে তাদেরকে আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে।

এ আয়োজনে সভাপতিত্ব করেন জিয়া শিশু কিশোর মেলার ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহসভাপতি কেরামত আলী রাজু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল আমিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার আহমেদ, তারেক কবির, উমর ফারুক, হাজী সজল, মিন্টু আলম, ওবায়দুল্লাহ মাসুম, বিপুল আহমেদ, মাসুম ফরাজীও রুকু হক প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন—জিয়া শিশু কিশোর মেলার ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রায় অর্ধশত প্রতিযোগী অংশগ্রহণ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত