দেশের বিভিন্ন স্থানে আইনজীবীদের ওপর হামলা, শারীরিক নির্যাতন ও হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংগঠনটি বলেছে, আইনজীবীদের ওপর হামলা শুধু তাঁদের ব্যক্তিগত নিরাপত্তা ও মর্যাদার লঙ্ঘন নয়, বরং পেশাগত স্বাধীনতা, বিচারপ্রক্রিয়ার স্বাভাবিক পরিবেশ এবং আইনের শাসনের জন্যও গুরুতর হুমকি।
আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা জানায় আসক। বিবৃতিতে সংগঠনটি আইনজীবীদের ওপর হামলার ঘটনাগুলোর নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
আসকের সিনিয়র কো-অর্ডিনেটর আবু আহমেদ ফয়জুল কবির স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, গত ১৭ নভেম্বর ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে সাবেক মেয়র সাঈদ খোকনের রিমান্ড শুনানিকে কেন্দ্র করে আইনজীবী সাইফুল ইসলাম সোহাগকে কয়েকজন ব্যক্তি মারধর করেন। গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে তাঁকে মাটিতে ফেলে একাধিক ব্যক্তির মারধরের দৃশ্য দেখা গেছে।
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তাঁকে আওয়ামী লীগ-সমর্থক হিসেবে চিহ্নিত করে এ হামলা চালানো হয়। একই দিন জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও দলটির সংসদীয় দলের মুখপাত্র নজিবুর রহমান অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের আইনজীবী রাহেদুল ইসলামকে যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন ও তাঁর সহযোগীরা গাড়ি থেকে জোর করে নামিয়ে একটি কক্ষে আটকে রাখেন এবং রড দিয়ে মারধর করেন। এতে তাঁর হাত ভেঙে যায় বলে সংসদে অভিযোগ করেন নজিবুর রহমান। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিও জানান তিনি।
এ ছাড়া সম্প্রতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে তাঁর শিশুসন্তানের সামনে থেকে ধরে নিয়ে থানায় হস্তান্তরের ঘটনাতেও গণমাধ্যমের প্রতিবেদনে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের সম্পৃক্ততার কথা উঠে এসেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
আসক বলেছে, বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে প্রত্যেক ব্যক্তির আইনের আশ্রয় লাভ এবং জীবন ও ব্যক্তিস্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২-এর ১০(ঙ) অনুচ্ছেদেও তালিকাভুক্ত আইনজীবীদের অধিকার, বিশেষাধিকার ও স্বার্থ সংরক্ষণকে বাংলাদেশ বার কাউন্সিলের অন্যতম দায়িত্ব হিসেবে নির্ধারণ করা হয়েছে। ১৯৯০ সালে গৃহীত জাতিসংঘের ‘বেসিক প্রিন্সিপলস অন দ্য রোল অব লইয়ার্স’-এর ১৬ ও ১৭ অনুচ্ছেদে আইনজীবীদের ভয়ভীতি, বাধা, হয়রানি ও অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ ছাড়া পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার কথা বলা হয়েছে। দায়িত্ব পালনের কারণে তাঁদের নিরাপত্তা হুমকির মুখে পড়লে রাষ্ট্রীয় সুরক্ষা দেওয়ার কথাও বলা হয়েছে। বিশেষ করে ওই নীতিমালার ১৮ অনুচ্ছেদে বলা হয়েছে, আইনজীবীদের তাঁদের মক্কেল বা মক্কেলের দাবি ও অবস্থানের সঙ্গে এক করে দেখা যাবে না। অর্থাৎ, কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয় বা অবস্থানের কারণে তাঁর আইনজীবীকে আক্রমণ বা হয়রানি করা গ্রহণযোগ্য নয় বলে মনে করে আসক।
সংগঠনটি এসব ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও কার্যকর তদন্তের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের দায় নির্ধারণ এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। বিবৃতিতে আসক আরও বলেছে, দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বিচারব্যবস্থার প্রতি জন আস্থা বজায় রাখতে এসব ঘটনায় জবাবদিহি নিশ্চিত করা জরুরি।










