রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় সজল রাজবংশী নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ৭০ ভরি সোনা ও নগদ চার লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ ব্যবসায়ীকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ ও পরে অন্য আরেকটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর ছোট ভাই ঢাকা মহানগর পুলিশের কামরাঙ্গীরচর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন।
তদন্তকারী পুলিশ কর্মকর্তারা বলছেন, আগে থেকে ওত পেতে থাকা পাঁচটি মোটরসাইকেলে সাত-আটজন ছিনতাইকারী ওই ব্যবসায়ীর পায়ে গুলি করে টাকা ও সোনার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগী সজল রাজবংশী কামরাঙ্গীরচরের ‘ইতি জুয়েলার্সের’ মালিক। তিনি হাজারীবাগ সেকশন জেলেপাড়া এলাকায় থাকেন। তাঁর বাবার নাম খোকন রাজবংশী।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার বলছে, প্রতিদিনের মতো গতকাল বৃহস্পতিবার রাতে কামরাঙ্গীরচরের ইলহাম প্লাজার জুয়েলারি দোকান বন্ধ করে ব্যাগের মধ্যে ৭০ ভরি সোনা ও চার লাখ টাকা নিয়ে নিজের মোটরসাইকেলে করে হাজারীবাগের বাসায় ফিরছিলেন সজল। বেড়িবাঁধ সেকশন এলাকায় এসে পৌঁছালে তিনটি মোটরসাইকেলে করে হেলমেট পরা অন্তত সাত–আটজন তাঁর পথরোধ করে। এরপর একজন ফাঁকা গুলি ছুড়তে থাকে। তাদের মধ্যে হেলমেট পরা একজন এসে সোনার ব্যাগ জোর করে নিতে চাইলে সজলের সঙ্গে ধস্তাধস্তি হয়। পরে কাছ থেকে সজলের বাঁ পায়ে গুলি করে ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
জানতে চাইলে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, ঘটনার অন্তত ঘণ্টাখানেক আগে থেকেই বেড়িবাঁধ ট্রাফিক বক্স এলাকায় তিনটি মোটরসাইকেলে তিনজন অপেক্ষা করছিল। স্বর্ণ ব্যবসায়ীর মোটরসাইকেল সেখানে যাওয়ার পর তিনটি মোটরসাইকেল সামনে গিয়ে গতিরোধ করে। আরও দুটি মোটরসাইকেলে চারজন পেছন থেকে গিয়ে গুলি করে ব্যাগটি ছিনিয়ে নেয়।
সজলের ছোট ভাই জয় রাজবংশী আজকের পত্রিকাকে জানান, এ ঘটনায় তিনি বাদী হয়ে অজ্ঞাত নামে একটি মামলা দায়ের করেছেন। দুর্বৃত্তরা হেলমেট পরা থাকায় কাউকে চিনতে পারেননি তাঁর ভাই। পুলিশ সিসি ক্যামেরা ফুটেজ দেখে আসামি গ্রেপ্তারের চেষ্টা করছে। আর গুলিবিদ্ধ সজলকে ঢাকা মেডিকেলে পর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. জিয়াউদ্দিন হায়দার বলেছেন, বিগত অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্তের কারণেই দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। রোববার গোপালগঞ্জ পৌরসভা মিলনায়তনে সারা দেশের মতো ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে...
৫ মিনিট আগে
বকেয়া পরিশোধ এবং শ্রমিকদের চাকরির নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা। রোববার সকাল ১০টায় কারখানার প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি গ্যাস টারবাইন এলাকা থেকে রূপাতলী গোলচত্বর পর্যন্ত বিভিন্ন সড়ক
৭ মিনিট আগে
মুন্সিগঞ্জের শ্রীনগরে হাতকড়াসহ পালানো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে শ্রীনগর উপজেলার বীরতারা বাজার এলাকায় অভিযান চালিয়ে পুনরায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
১২ মিনিট আগে
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া ল্যাপটপসহ একটি মূল্যবান ব্যাগ ফিরে পেয়েছেন ভারত থেকে ফেরা বাংলাদেশি যাত্রী অর্ণব কুমার বণিক।
১৫ মিনিট আগে