আজও আশুলিয়ায় ২২ কারখানা বন্ধ, ৯টিতে ছুটি

ন্যূনতম মজুরি বোর্ড গঠনের পরও নতুন বেতন কাঠামো ঘোষণা না হওয়ায় অনিশ্চয়তা কাটছে না সাভার ও আশুলিয়ার পোশাকশ্রমিকদের। বেতন-ভাতা নিয়ে উদ্বেগ ও অসন্তোষের মধ্যে অনেক কারখানার শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হলেও উৎপাদনকাজে যোগ দিচ্ছেন না। তাঁদের কর্মবিরতির কারণে কোথাও অনির্দিষ্টকালের জন্য, আবার কোথাও এক দিনের জন্য কারখানা বন্ধ ঘোষণা করছে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে।
শিল্প পুলিশের সূত্রে জানা গেছে, সাভার ও আশুলিয়ায় মোট ৭৩৬টি পোশাক কারখানা রয়েছে। এর মধ্যে রপ্তানিমুখী কারখানা ৪৭০টি। প্রায় এক মাস ধরে চলা শ্রমিক আন্দোলনের প্রভাবে এসব কারখানার উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ ঘোষণা করা কারখানাগুলোতে উৎপাদন বন্ধ রয়েছে।
শিল্প পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ সোমবার পর্যন্ত আশুলিয়ায় ২২টি পোশাক কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানাগুলো হলো সুসুকা নিট লিমিটেড, রেডিয়ান্স ফ্যাশন লিমিটেড, ক্রিস্টাল কম্পোজিট লিমিটেড, আউটলেট স্টিচ লিমিটেড, গ্রিন লাইফ নিটেক্স লিমিটেড, মণ্ডল নিটওয়্যার লিমিটেড, হংকুন লেদার কোম্পানি লিমিটেড, সাবিহা অ্যাপারেলস, নিট এশিয়া লিমিটেড, মেহনাজ স্টাইল অ্যান্ড ক্রাফট লিমিটেড, জিম্যাক্স ক্লোথিং লিমিটেড, টপ টেক্স সোয়েটার লিমিটেড, এ আর জিন্স প্রডিউসার লিমিটেড, এফ জি এস ডেনিম ওয়্যার লিমিটেড, ফুটস্টেপস বাংলাদেশ লিমিটেড, অ্যালায়েন্স নিট কম্পোজিট লিমিটেড, এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফ্যাশন ডট কম লিমিটেড, হামীম গ্রুপ, আর্টিস্টিক ডিজাইন লিমিটেড, এনভয় গ্রুপ ও নেক্সট কালেকশন লিমিটেড।
এদিকে শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হয়েও উৎপাদনকাজে অংশ না নেওয়ায় আজ সোমবার সকাল ৯টার মধ্যে আরও নয়টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। কারখানাগুলো হলো শারমিন গ্রুপ, দি রোজ ড্রেসেস, সেতারা গার্মেন্টস, হলিউড গার্মেন্টস লিমিটেড, ইয়াগী বাংলাদেশ, এম ডিজাইন লিমিটেড, আলপস অ্যাপারেলস লিমিটেড, নিউ এইজ গ্রুপ ও বান্দো ডিজাইন লিমিটেড।
অন্যদিকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ম্যাংগো টেক্স, ফ্যাশন ফোরাম লিমিটেড, নাঈম নিটওয়্যার লিমিটেড, স্টারলিং ক্রিয়েশন ও সাদ ফ্যাশন লিমিটেডের শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত থাকলেও উৎপাদনকাজে যোগ দেননি।
বিভিন্ন কারখানার শ্রমিকেরা জানান, মজুরি বোর্ড গঠন করা হলেও নতুন বেতন কাঠামো নিয়ে তাঁদের অনিশ্চয়তা কাটেনি। সরকার ও মালিকপক্ষ আন্তরিক হলে শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে একটি যৌক্তিক বেতন কাঠামো ঘোষণা করতে সমস্যা কোথায়, তা তাঁদের বোধগম্য নয়।
শ্রমিকেরা আরও বলেন, চাকরি হারানোর ভয়ে অধিকাংশ শ্রমিক আন্দোলনে সরাসরি অংশ নিচ্ছেন না। তবে তাঁদের মধ্যে চাপা ক্ষোভ রয়েছে। যাঁদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, তাঁরাই আন্দোলনে অংশ নিচ্ছেন।
আন্দোলনে বহিরাগতদের ইন্ধন রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে শ্রমিকেরা বলেন, এ বিষয়ে তাঁদের কিছু জানা নেই।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, আজ সোমবার সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্ত রয়েছে। কিছু কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কয়েকটি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বসে রয়েছেন বলে জানা গেছে।








