ঢাকা বারের টাউট উচ্ছেদ কমিটি বিলুপ্ত ঘোষণা, যা বললেন সেক্রেটারি

ঢাকা আইনজীবী সমিতির টাউট উচ্ছেদ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ রোববার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম খান স্বাক্ষরিত এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়।
জরুরি বার্তায় বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কোনো ভুক্তভোগী অভিযোগ না করা সত্ত্বেও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম অর্থাৎ ফেসবুকে ঢাকা আইনজীবী সমিতির টাউট উচ্ছেদ কমিটির কিছু সদস্যের কার্যক্রম নিয়ে অভিযোগ ওঠায় ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের টাউট উচ্ছেদ কমিটির কার্যক্রম সুষ্ঠু তদন্তের স্বার্থে বিলুপ্ত ঘোষণা করা হলো।
উক্ত অভিযোগের বিষয়ে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো. আনোয়ার জাহিদ ভূঁইয়াকে প্রধান করে, সিনিয়র সহসাধারণ সম্পাদক মো. ইলতুৎমিশ সওদাগর (অ্যানী) ও কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আদনান রহমানের সমন্বয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন পেশ করার জন্য অনুরোধ করা হয়েছে।
টাউট উচ্ছেদ কমিটি বিলুপ্তির বিষয়ে জানতে চাইলে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম খান আজকের পত্রিকাকে বলেন, টাউট উচ্ছেদ কমিটির কিছু সদস্যের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ ওঠায় টাউট উচ্ছেদ কমিটি বিলুপ্ত করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন পেশ করবে। প্রতিবেদনে যদি দেখা যায় কেউ অভিযুক্ত, তাঁকে বাদ দিয়ে পুনরায় কমিটি গঠন করা হবে।








