Ajker Patrika

সহজ লেখা পড়েও বোঝে না প্রাথমিকের অর্ধেক শিক্ষার্থী

• প্রাথমিকে প্রবেশাধিকার বাড়লেও মৌলিক শিক্ষার দক্ষতা অর্জনে পিছিয়ে বাংলাদেশ।

• শিক্ষার মানোন্নয়নে ৩ হাজার ৭২০ কোটি টাকার অর্থায়ন বিশ্বব্যাংকের।

• ২ কোটি ৬০ লাখ শিশুর শিক্ষার মানোন্নয়নে এই অর্থ ব্যয় হবে।

বিশেষ প্রতিনিধি, ঢাকা
আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১১: ২৪
সহজ লেখা পড়েও বোঝে না প্রাথমিকের অর্ধেক শিক্ষার্থী
আজকের পত্রিকা ফাইল ছবি

প্রাথমিক শিক্ষায় প্রায় সব শিশুর প্রবেশাধিকার নিশ্চিত করেছে বাংলাদেশ। কিন্তু বিদ্যালয়ে গেলেও বয়স অনুযায়ী শিক্ষার দক্ষতা অর্জন করতে পারছে না প্রতি দুই শিশুর একজন। ১০ বছর বয়সী প্রায় ৫০ শতাংশ শিশু সহজ কোনো লেখা পড়ে তার অর্থ বুঝতে পারে না। শিক্ষার মানের এই দুর্বলতা বাংলাদেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থার বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছে বিশ্বব্যাংক।

এ পরিস্থিতিতে দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার বা প্রায় ৩ হাজার ৭২০ কোটি টাকা অর্থায়ন অনুমোদন করেছে সংস্থাটি। গত শুক্রবার বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালকদের পর্ষদ এই অর্থায়নের অনুমোদন দেয়।

প্রাক্‌-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ২ কোটি ৬০ লাখ শিশুর শিক্ষার মানোন্নয়নে এই অর্থ ব্যয় করা হবে। স্বল্প আয়ের দেশগুলোকে ঋণ ও অনুদান সহায়তা দেওয়া বিশ্বব্যাংক গ্রুপের সংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (আইডিএ) মাধ্যমে এই অর্থায়ন দেওয়া হচ্ছে। এই ঋণের মেয়াদ হবে ২৫ বছর। এর মধ্যে প্রথম পাঁচ বছর গ্রেস পিরিয়ড বা ঋণের কিস্তি পরিশোধে থাকবে বিশেষ ছাড়।

গতকাল শনিবার বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য উল্লেখ করে বিশ্বব্যাংকের ঢাকা অফিস জানিয়েছে ‘লার্নিং এনহ্যান্সমেন্ট অ্যান্ড অ্যাকসেলারেশন ইন প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম’ নামের এই কর্মসূচির মাধ্যমে শিশুদের পড়া, লেখা ও গণিতের মৌলিক দক্ষতা বাড়ানো হবে। সরকারের পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নেও অর্থায়নটি সহায়তা করবে।

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, বাংলাদেশে ১০ বছর বয়সী শিশুদের প্রায় ৫০ শতাংশ বয়স উপযোগী সাধারণ লেখা পড়ে বুঝতে পারে না। তুলনামূলক উচ্চমধ্যম আয়ের দেশ মালয়েশিয়ায় এই হার ৪২ শতাংশ এবং ব্রাজিলে ৪৭ শতাংশ। অর্থাৎ প্রাথমিক শিক্ষায় প্রবেশাধিকার বাড়লেও শিশুদের মৌলিক শিক্ষার দক্ষতা অর্জনে বাংলাদেশ এখনো পিছিয়ে রয়েছে।

বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানবিষয়ক বিভাগীয় পরিচালক জ্যঁ পেসমে বলেন, বিশ্ববাজারে প্রতিযোগিতা করতে সক্ষম কর্মশক্তি গড়ে তোলার অন্যতম ভিত্তি হলো মানসম্মত প্রাথমিক শিক্ষা। গত দুই দশকে বাংলাদেশে প্রায় সব শিশুর বিদ্যালয়ে যাওয়া নিশ্চিত করতে সহায়তা করেছে বিশ্বব্যাংক। নতুন অর্থায়নের ফলে শিশুরা আরও ভালোভাবে শিখতে পারবে এবং বিদ্যালয়ে তাদের উপস্থিতি ধরে রাখতে পারবে। এর মাধ্যমে ভবিষ্যতে ভালো কর্মসংস্থানের ভিত্তিও তৈরি হবে বলে আশা করছে বিশ্বব্যাংক।

কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মৌলিক সাক্ষরতা ও গণিতের দক্ষতা বাড়াতে বিশেষ শিক্ষা প্যাকেজ চালু করা হবে। এতে পাঠদানের উপকরণ, সুনির্দিষ্ট পাঠের পরিকল্পনা এবং শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯০ শতাংশ প্রধান শিক্ষককে নেতৃত্ব ও বিদ্যালয় ব্যবস্থাপনার প্রশিক্ষণ দেওয়া হবে। বিদ্যালয় পরিচালনা ও ব্যবস্থাপনা ব্যবস্থাও শক্তিশালী করা হবে।

শুধু নিয়মিত পাঠদান নয়, পড়াশোনায় পিছিয়ে থাকা শিশুদের জন্য অতিরিক্ত পাঠদানের ব্যবস্থাও রাখা হয়েছে। বিশেষ করে যেসব জেলার শিক্ষার্থীরা শিক্ষার ক্ষেত্রে বেশি পিছিয়ে রয়েছে, সেসব এলাকায় বাড়তি গুরুত্ব দেওয়া হবে। এর পাশাপাশি শিক্ষকদের পাঠদানের সক্ষমতা বাড়ানো, বিদ্যালয় পর্যায়ে কার্যকর নেতৃত্ব তৈরি এবং শিক্ষা খাতে বাজেটের জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, সরকারি বিদ্যালয়, এনজিও পরিচালিত স্কুল, কিন্ডারগার্টেন ও মাদ্রাসা মিলিয়ে বাংলাদেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থায় ২ কোটির বেশি শিক্ষার্থী রয়েছে। এই ব্যবস্থার আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক্‌-প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের উদ্যোগও নেওয়া হবে। এতে শিশুরা বিদ্যালয়ে ভর্তির আগেই প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ পাবে। কর্মসূচির ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থায় ৮ লাখ ৪৩ হাজার নতুন ও তুলনামূলক ভালো বেতনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করছে বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ শিক্ষা বিশেষজ্ঞ ও কর্মসূচিটির দলনেতা তাশমিনা রহমান বলেন, ভালো কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের প্রথম ধাপ হলো শিক্ষার শক্ত ভিত্তি তৈরি করা। কোনো শিশু যাতে পিছিয়ে না পড়ে, সে জন্য কর্মসূচিতে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের বিশেষ পাঠদানের ব্যবস্থা রাখা হয়েছে। শিক্ষা খাতে সিদ্ধান্ত গ্রহণে তথ্য-উপাত্তের ব্যবহার বাড়ানো এবং বাজেটের কার্যকর ব্যবহার নিশ্চিত করাও এই কর্মসূচির লক্ষ্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত