ঢাবি ক্যাম্পাসের চার স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের পৃথক চারটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ সময় জড়িত সন্দেহে দুজনকে আটক করেন শিক্ষার্থীরা। পরে তাঁদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের কাছে সোপর্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশে, ভিসি চত্বর, নীলক্ষেতসংলগ্ন মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে এবং টিএসসি এলাকায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের চেষ্টাকালে দুজনকে আটক করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং বলেন, টিএসসিতে ককটেল বিস্ফোরণের পর শিক্ষার্থীরা দুজনকে আটক করে প্রক্টরিয়াল টিমের কাছে সোপর্দ করেন। তাঁদের প্রক্টর অফিসে নিয়ে আসা হচ্ছে। ইতিমধ্যে শাহবাগ থানা-পুলিশে খবর দেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে পরিস্থিতি বোঝার চেষ্টা করা হচ্ছে।









