Ajker Patrika

দৌলতদিয়ায় পদ্মার ১৫ কেজির রুই, বিক্রি হলো কত

রাজবাড়ী সংবাদদাতা
দৌলতদিয়ায় পদ্মার ১৫ কেজির রুই, বিক্রি হলো কত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়া ১৫ কেজি ওজনের একটি রুই মাছ ৬৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। শুক্রবার, ৬ নভেম্বর দুপুরে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় মাছটি বিক্রি করা হয়।

জেলে নিরঞ্জন হালদার শুক্রবার সকাল ১০টার দিকে সহযোগীদের নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে যান। এ সময় তাঁদের জালে রুই মাছটি ধরা পড়ে।

মাছটি পরে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার শাকিল-সোহান মৎস্য আড়তে নেওয়া হয়। আড়তের মালিক শাজাহান প্রতি কেজি ৪ হাজার ৩০০ টাকা দরে মাছটি মোট ৬৪ হাজার ৫০০ টাকায় কিনে নেন।

শাজাহান পরে অনলাইনে পর্তুগালপ্রবাসী এক ব্যক্তির কাছে প্রতি কেজি ৪ হাজার ৫০০ টাকা দরে মাছটি মোট ৬৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন।

জেলে নিরঞ্জন হালদার বলেন, ‘শুক্রবার সকাল ১০টার দিকে সহকর্মীদের নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে যাই। এ সময় আমাদের জালে ১৫ কেজি ওজনের রুই মাছটি ধরা পড়ে। পরে মাছটি দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে এনে আড়তদার শাজাহানের কাছে বিক্রি করি। বড় মাছ পেয়ে আমরা বেশ খুশি।’

শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান বলেন, ‘১৫ কেজি ওজনের রুই মাছটি প্রতি কেজি ৪ হাজার ৩০০ টাকা দরে ৬৪ হাজার ৫০০ টাকায় ক্রয় করি। পরে অনলাইনের মাধ্যমে পর্তুগালপ্রবাসী এক ব্যক্তির কাছে প্রতি কেজি ৪ হাজার ৫০০ টাকা দরে মোট ৬৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করি।’

শাজাহান বলেন, দৌলতদিয়ার এই মাছ বাজারে মূলত পদ্মা নদীর বিভিন্ন প্রজাতির মাছ কেনাবেচা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত