Ajker Patrika

শরীরে পেট্রল ঢেলে লাগানো আগুনে দগ্ধ ৩ জনের মৃত্যু, অন্য দুজন হাসপাতালে

ঢামেক প্রতিবেদক
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৪১
শরীরে পেট্রল ঢেলে লাগানো আগুনে দগ্ধ ৩ জনের মৃত্যু, অন্য দুজন হাসপাতালে
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত

রাজধানীর সূত্রাপুরে পারিবারিক বিষয় নিয়ে কলহের জেরে শরীরে পেট্রল ঢেলে দেওয়া আগুনে দগ্ধ স্বজনদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন স্নাতকপড়ুয়া তানিয়া আক্তার (২০) আজ শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে মারা যান। এ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ পাঁচজনের মধ্যে ৩ জনের মৃত্যু হলো।

মৃত্যুর তথ্য নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ জানান, আজ সন্ধ্যা পৌনে ৭টার দিকে বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তানিয়া আক্তার (২০)। তাঁর শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিদ্দিক ব্যাপারী (৬০) ও তাঁর ছেলে ইমন (২৬)।

এ ছাড়া একই ঘটনায় দগ্ধ পাঁচজনের মধ্যে বর্তমানে শরীরের ১৫ শতাংশ দগ্ধ নিয়ে রাজিব ও ৮ শতাংশ দগ্ধ নিয়ে আরিফুর রহমান নামে দুজন ভর্তি আছেন বলে জানান এ আবাসিক চিকিৎসক।

১৯ সেপ্টেম্বর (শনিবার) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর সূত্রাপুরে শ্যামবাজার চামারটুলি এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন—সিদ্দিক ব্যাপারী (৬০), তাঁর ছেলে মো. ইমন (২৬), তাঁর ভাতিজা রাজিব (৩৮), ভাগনে আরিফুর রহমান ধলু (৩৫) ও ভাগনি তানিয়া আক্তার (২০)।

দগ্ধ আরিফুর রহমান ধলুর স্ত্রী সোনিয়া আক্তার জানান, শ্যামবাজার চামারটুলিতে পৈতৃক সম্পত্তিতে তাঁরা সবাই পাশাপাশি থাকতেন। দগ্ধদের মধ্যে ইমন সৌদি আরবপ্রবাসী। তিনি ঘটনার আগের দিনই (১৮ সেপ্টেম্বর) দেশে ফিরেছেন। রাজিব ন্যাশনাল হাসপাতালে মেকানিকের কাজ করেন, আরিফুর রহমান ধলু ইলেকট্রিশিয়ান ও তানিয়া পুরান ঢাকার উইমেন্স কলেজে স্নাতকে পড়েন।

সোনিয়া আরও জানান, সৌদিপ্রবাসী ইমনের বোন সুলতানা বাসার সামনে ময়লা পানি জমিয়ে রেখেছিলেন। সেই পানি পরিষ্কার করতে বলেন তানিয়া। এই নিয়ে দুজনের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সুলতানা বিষয়টি ইমনকে জানায়। ওই দিন ইমন সবাইকে হুমকি দিয়ে বলেন ‘আমিও মরব, তোদেরকেও মারব’, বলে নিজের শরীরে পেট্রল ঢালেন এবং অন্যদের শরীরে পেট্রল ছিটিয়ে আগুন জ্বালিয়ে দেন। সেই আগুনে তাঁরা সবাই দগ্ধ হন। পরে তাদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত