কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

রাজধানীর কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। এ সময় তাঁদের কাছ থেকে ২ হাজার ৬৮টি ইয়াবা, নগদ ১ লাখ ১৯ হাজার ৫০০ টাকা, নয়টি মোবাইল ফোন ও ডাকাতির কাজে ব্যবহারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা আড়াইটার দিকে কেরানীগঞ্জের জিনজিরা এলাকার মনু বেপারীর ঢালসংলগ্ন একটি আবাসিক ভবন থেকে এদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন— জাফর ইসলাম (৩৩), আউলাদ হোসেন (৩৬), রবিউল হোসেন রুবেল (৩৫), আরমান হোসেন সনি (২৫) ও ফরহাদ হোসেন (৩২)। এরা সবাই জিনজিরার বাসিন্দা।
আজ বুধবার এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিকেল ৫টার দিকে জিনজিরা নজরগঞ্জ এলাকায় জাফর ইসলামের বাসা থেকে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়।
এসআরবির বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০-এর সদর কোম্পানির একটি দল অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেপ্তার করে। এ সময় এদের কাছ থেকে চারটি ছুরি, ইলেকট্রিক শক দেওয়ার একটি যন্ত্র, পিস্তলসদৃশ দুটি লাইটার ও অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ছাড়া এদের কাছ থেকে নয়টি মোবাইল ফোন সেটও জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার জাফর ইসলাম মাদক কারবারের সঙ্গে জড়িত। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাসায় অভিযান চালিয়ে ২ হাজার ৬৮টি ইয়াবা উদ্ধার করা হয়।
এসআরবি-১০ আরও জানায়, জাফর দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। গ্রেপ্তার ব্যক্তিরা ডাকাতি-মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে জড়িত।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করার জন্য উদ্ধার করা অস্ত্র, মাদক ও অন্যান্য আলামতসহ তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে।









