Ajker Patrika

‘জানোয়ার কখনো মানুষ হয় না’, ফেসবুকে পোস্টের কয়েক ঘণ্টা পর কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
‘জানোয়ার কখনো মানুষ হয় না’, ফেসবুকে পোস্টের কয়েক ঘণ্টা পর কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জান্নাতুল মাওয়া। ছবি: সংগৃহীত

‘জানোয়ার কোনো দিন মানুষ হইতে পারে না’—মৃত্যুর কয়েক ঘণ্টা আগে ফেসবুক অ্যাকাউন্টে এমন একটি নোট লিখেছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া জান্নাত (১৮)। ওই পোস্টের কয়েক ঘণ্টা পর সোমবার (১৬ নভেম্বর) ভোরে বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের দাবি, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। তবে মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তাঁর সহপাঠীরা। তাঁদের দাবি, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত করতে হবে। এ দাবিতে গতকাল সোমবার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেছেন তাঁরা।

সহপাঠীদের আবেদনে জান্নাতের মৃত্যুর ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। তাঁদের অভিযোগ, হাসপাতালে মরদেহ দেখতে গেলে পরিবারের সদস্যরা তাঁদের সঙ্গে রহস্যজনক আচরণ করেন। এমনকি তাঁদের মরদেহ দেখতে না দিয়ে ময়নাতদন্ত ছাড়াই দ্রুত মরদেহ নিয়ে দাফন করেন। এতে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে তাঁদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে।

জান্নাতের মৃত্যুর কয়েক ঘণ্টা আগে দেওয়া ফেসবুক পোস্টটি নিয়েও সহপাঠীদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। তবে ওই পোস্টের মাধ্যমে তিনি কাকে বা কী ইঙ্গিত করেছেন, তা নিশ্চিত হতে পারেননি তাঁরা। সহপাঠীদের কয়েকজনের ধারণা, এর পেছনে পারিবারিক কিংবা প্রেমঘটিত কোনো বিষয় থাকতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য তাঁদের কাছে নেই।

শিক্ষার্থীদের আবেদনে জানানো হয়, জান্নাত তাঁদের সহপাঠী ও শুভাকাঙ্ক্ষী ছিলেন। তিনি মেধাবী ও সচেতন শিক্ষার্থী ছিলেন। তাঁদের জানামতে, তাঁর পক্ষে আত্মহত্যার মতো সিদ্ধান্ত নেওয়া স্বাভাবিক নয়। এ ছাড়া জান্নাতের পারিবারিক জীবন নিয়েও বেশ কিছু অভিযোগ তুলে ধরেছেন তাঁরা। তাঁদের দাবি, জান্নাতের মা তাঁকে প্রায়ই নির্যাতন করতেন, পড়াশোনার খরচও দিতেন না। পড়াশোনা ও ব্যক্তিগত খরচ চালাতে শহরের একটি সুপারশপে মাসে ছয় হাজার টাকা বেতনে কাজ করতেন তিনি। শহরের একটি মেসে থাকতেন। বাড়িতে যাওয়ার দিনই এ ঘটনা ঘটে।

সহপাঠীদের আরও অভিযোগ, জান্নাতের মাথা ও কপালে আঘাতের চিহ্ন ছিল। তবে হাসপাতালে গিয়ে তাঁরা মরদেহ দেখতে না পারায় বিষয়টি নিজেরা নিশ্চিত হতে পারেননি। ঘটনার পর থেকে তাঁর বাবার ফোন নম্বরও বন্ধ রয়েছে বলে দাবি তাঁদের।

এদিকে জান্নাতের পারিবারিক পরিচয় নিয়েও জটিলতার কথা জানিয়েছেন সহপাঠীরা। তাঁদের ভাষ্য, চুয়াডাঙ্গায় যে পরিবারের সঙ্গে জান্নাত থাকতেন, তাঁরা তাঁর পালক বাবা-মা। ফলে ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করতে না পারায় তাঁর জৈবিক বাবা-মায়ের সন্ধানও পাওয়া যায়নি বলে দাবি করেছেন তাঁরা।

এর আগে সোমবার (১৬ নভেম্বর) ভোরে চুয়াডাঙ্গা পৌর এলাকার কলেজপাড়ায় ভাড়া বাসায় জান্নাতুল মাওয়ার গলায় ফাঁস দেওয়া অবস্থায় থাকার খবর ছড়িয়ে পড়ে। পরিবারের সঙ্গে মনোমালিন্যের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে স্থানীয় সূত্রে জানা যায়। ভোর ৫টা ৪০ মিনিটের দিকে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়। এরপর গ্রামের বাড়ি আলমডাঙ্গায় তাঁকে দাফন করা হয়। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

জান্নাতুল মাওয়া চুয়াডাঙ্গা সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার কলেজপাড়ার শরিফুল ইসলামের মেয়ে।

চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, গতকাল সন্ধ্যায় তিনি ঘটনাটি জানতে পেরেছেন। শিক্ষার্থীরা তাঁর কাছে অভিযোগ নিয়ে এলে তাঁদের লিখিত অভিযোগ দিতে পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের ক্ষেত্রে জেলা প্রশাসনের অনুমতির বিষয় রয়েছে। কিন্তু এ ঘটনায় তাঁর কার্যালয় থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি। বিষয়টি তিনি খতিয়ে দেখবেন। শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে সরাসরি মরদেহ উত্তোলন করা সম্ভব নয়। আদালতের নির্দেশনা এলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মরদেহ উত্তোলনের ব্যবস্থা করা যাবে। জেলা প্রশাসনের অনুমতি ছাড়া ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) মেহেদী শাহরিয়ার বলেন, শিক্ষার্থীদের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ নিজস্ব প্রক্রিয়ায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।

এ বিষয়ে জান্নাতের বাবা শরিফুল ইসলাম কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘আমার মেয়ে আমার সাথে ভাত খাইল, গল্প করল, পরীক্ষাও দিল, হঠাৎ কেন এমন করল আমরা কিছুই বুঝতে পারছি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত