
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা নিয়ে পদপ্রাপ্ত ও পদবঞ্চিত দুই পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে নবগঠিত কমিটির সভাপতি ওমর ফারুক মানিকের অনুসারী শাকিল ও প্রতাপ রয়েছেন। পদবঞ্চিত পক্ষের আহত ব্যক্তিরা হলেন তালহা জোবায়ের, রায়হান এবং বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তারেক রহমান।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল রোববার রাতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ওমর ফারুক মানিককে সভাপতি এবং ফাতিন ইশরাককে সাধারণ সম্পাদক করা হয়।
নতুন কমিটি ঘোষণার পর থেকেই পদপ্রত্যাশী ও পদবঞ্চিত নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। পদবঞ্চিত নেতা-কর্মীরা রাতে ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল করেন।
আজ দুপুরে পদবঞ্চিত নেতা-কর্মীরা আবারও ক্যাম্পাসে মিছিল বের করেন। মিছিলটি কলেজের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গেলে নতুন কমিটির সভাপতি ওমর ফারুক মানিকের অনুসারীদের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
পদবঞ্চিত পক্ষের জ্যেষ্ঠ সহসভাপতি পদপ্রার্থী ওমর ফারুক বলেন, তাঁরা প্রশাসনিক ভবনের সামনে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন। এ সময় তাঁদের ওপর হামলা হলে কয়েকজন আহত হন। আহতদের উদ্ধারে এগিয়ে গেলে তাঁর ওপরও হামলা করা হয় বলে অভিযোগ করেন তিনি।
ওমর ফারুক বলেন, নতুন কমিটি তাঁরা মেনে নেবেন না। সংঘর্ষে বহিরাগতরা জড়িত ছিলেন বলেও অভিযোগ করেন তিনি।
নবগঠিত কমিটির সভাপতি ওমর ফারুক মানিক বলেন, তাঁরা ক্যাম্পাসে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন বিক্ষোভ মিছিল করছিলেন। আজানের সময় মিছিল বন্ধ করতে বলাকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি থেকে তাঁদের ওপর হামলা হয়। এতে তাঁর দুই কর্মী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদুজ্জামান রানা বলেন, কমিটি নিয়ে অসন্তোষ থেকেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাঁরা কলেজে অবস্থান করে উভয় পক্ষের নেতা-কর্মীদের নিবৃত্ত করেন। বিষয়টি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে জানানো হয়েছে। কেন্দ্র বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার কথা জানিয়েছে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে কলেজের পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি হালুয়াকান্দি রেলব্রিজ এলাকায় পৌঁছালে ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। দুর্ঘটনার সময় তাঁর শরীরে কোনো পোশাক ছিল না।
১ মিনিট আগে
বরিশালের মুলাদীতে পৃথক অভিযান চালিয়ে ১৬৫টি ইয়াবাসহ ৪ যুবককে আটক করেছে থানা-পুলিশ। গতকাল শনিবার রাত ৮টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এলাকা থেকে ৩ জন এবং রাত ১০টার দিকে মুলাদী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড তেরচর এলাকা থেকে ১ জনকে আটক করা হয়।
৭ মিনিট আগে
ঝালকাঠির নলছিটিতে খয়রাবাদ নদীর ভাঙন রোধ, নদীতীর সংরক্ষণ, বেড়িবাঁধ ও সড়ক নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
১৪ মিনিট আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিএডিসির গোডাউন থেকে বরাদ্দ করা ৪৪০ বস্তা টিএসপি সার অন্যত্র সরিয়ে নেওয়ার সময় জব্দ করেছে স্থানীয়রা। এ সময় সার বহনকারী একটি ট্রাকও আটক করা হয়।
২৩ মিনিট আগে