Ajker Patrika

শাপলা তুলতে গিয়ে পুকুরে নিখোঁজ, ১৯ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি 
শাপলা তুলতে গিয়ে পুকুরে নিখোঁজ, ১৯ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার
প্রতীকী ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে তলিয়ে নিখোঁজ হওয়ার ১৯ ঘণ্টা পর সোহাগ (৩৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার চিওড়া কাজীবাড়ি পুকুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাঁর লাশ উদ্ধার করে।

মৃত সোহাগ চিওড়া কাজীবাড়ির ব্যবসায়ী কাজী নাদেরুজ্জামানের ব্যক্তিগত গাড়িচালক ছিলেন। গতকাল শুক্রবার দুপুরে ওই পুকুরে শাপলা ফুল তুলতে গিয়ে তিনি পানিতে তলিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের আগে কয়েকজনের সঙ্গে পুকুরে গোসল করতে নামেন সোহাগ। পরে অন্যরা গোসল শেষে পুকুর থেকে উঠে আসার সময় তাঁকে পানিতে থাকা শাপলা ফুল তুলতে দেখেন। এরপর দুপুর গড়িয়ে বিকেল হলেও সোহাগের খোঁজ না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

খবর পেয়ে শনিবার ভোরে চাঁদপুর থেকে চার সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কয়েক ঘণ্টার অভিযান শেষে পুকুর থেকে সোহাগের লাশ উদ্ধার করা হয়। এ সময় ফায়ার সার্ভিসের দুটি দল উদ্ধারকাজে সহযোগিতা করে।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ মেহেদী হাসান জানান, খবর পাওয়ার পর চাঁদপুর থেকে ডুবুরি দল এনে উদ্ধার অভিযান চালানো হয়। তিন ঘণ্টার বেশি সময় অভিযান চালানোর পর সোহাগের লাশ উদ্ধার করা সম্ভব হয়। তাঁর ধারণা, পুকুরের পানিতে থাকা অবস্থায় স্ট্রোকে আক্রান্ত হয়ে সোহাগের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মেহেদী হাসান।

চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আরেফিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় সোহাগের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত