Ajker Patrika

ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদী তৎপরতা রুখে দিতে হবে: কুমিল্লায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ২২: ৩৭
ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদী তৎপরতা রুখে দিতে হবে: কুমিল্লায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
আজ বুধবার সকালে লাকসাম আবুল কালাম কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। ছবি: সংগৃহীত

দেশে ফ্যাসিবাদী তৎপরতা প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেছেন, বাংলাদেশে ফ্যাসিবাদী শক্তিকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি বন্ধে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদী তৎপরতা রুখে দিতে হবে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ নির্মাণ করা হবে। পর্যায়ক্রমে ইউনিয়ন পর্যায়েও খেলার মাঠ গড়ে তোলা হবে। শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার সুযোগ বাড়াতে সরকার এই উদ্যোগ নিয়েছে।

জ্বালানিসংকট মোকাবিলায় বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে আমিনুল হক বলেন, বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণে ১০ লাখ টাকা ঋণ দেওয়া হবে। এর মাধ্যমে বায়োগ্যাস উৎপাদন ও ব্যবহার সম্প্রসারণ করে জ্বালানিসংকট মোকাবিলায় ভূমিকা রাখা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক রোজী আকতার, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি আমিরুজ্জামান আমির, লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি মজির আহমদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লজিস্টিক ও প্রটোকলস কমিটির চেয়ারম্যান ইয়াসির মো. ফয়সল আশিক, জাতীয় দলের সাবেক গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্যসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

এর আগে আজ সকালে লাকসাম আবুল কালাম কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, নবীনবরণ এবং মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এ সময় শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা, নবীনদের বরণ ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত