Ajker Patrika

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ৩৬৩

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ৩৬৩
কুমিল্লা নগরীতে গতকাল রাতে কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। ছবি: সংগৃহীত

কুমিল্লা জেলায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে একযোগে অভিযান চালিয়ে আরও ৩৬৩ জনকে আটক করেছে জেলা পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) মাগরিবের পর থেকে শনিবার (৩ অক্টোবর) ভোররাত পর্যন্ত জেলার ১৮টি থানায় থানা-পুলিশ ও জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সমন্বিতভাবে এ অভিযান পরিচালনা করে।

শনিবার (৩ অক্টোবর) সকালে কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় এবং তাঁর সরাসরি অংশগ্রহণে জেলার বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের পাশাপাশি ডিবি পুলিশের সদস্যরাও অংশ নেন।

কিশোর বয়সী বখাটেদের উৎপাত ও অপরাধপ্রবণতা রয়েছে—এমন বিভিন্ন স্থানকে অভিযানের আওতায় নেওয়া হয়। জেলার ১৮টি থানার আওতাধীন বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে সন্দেহভাজন ৩৬৩ জনকে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান বলেন, কিশোর বয়সী ছেলেরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, কিশোর অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। অভিযানে আটক ব্যক্তিদের অপরাধের সম্পৃক্ততা যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সেটিও কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে।

সর্বশেষ আরও ৩৬৩ জন আটকের ফলে অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে মোট আটকের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৫ জনে। এর মধ্যে ৩৬৩ জনের যাচাই-বাছাই চলছে। এর আগে ১ হাজার ১৩০ জনকে অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ৫৪২ জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত