
কুমিল্লার দেবিদ্বারে বিয়ে বহির্ভূত সম্পর্ক ও পারিবারিক কলহের জেরে হাসিনা আক্তার (৩৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী মোসলেহ উদ্দিনের (৪৫) বিরুদ্ধে। আজ সোমবার বিকেলে হত্যার অভিযোগে আটক মোসলেহ উদ্দিনকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামের দাইয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ১১টায় লাশসহ অভিযুক্ত স্বামী মোসলেহ উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসে।
নিহত হাসিনা আক্তার ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর গ্রামের মৃত আবদুল খালেক ভূঁইয়ার মেয়ে। আটক মোসলেহ উদ্দিন সাইচাপাড়া গ্রামের মৃত রেনু মিয়ার ছেলে। তিনি দীর্ঘ সময় কুয়েতে প্রবাসজীবন কাটিয়ে ৬ মাস আগে দেশে ফেরেন। এই দম্পতির সাইমন হোসেন (১৯) ও খাদিজা আক্তার (১৬) নামের দুই সন্তান রয়েছে।
নিহতের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে মোসলেহ উদ্দিনের বিয়ে বহির্ভূত সম্পর্ক ও পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। এর জেরে প্রায়ই হাসিনা আক্তারের ওপর নির্যাতন চালাতেন মোসলেহ উদ্দিন। ঘটনার দিন দুপুরেও হাসিনা আক্তারকে বেদম মারধর করেন মোসলেহ উদ্দিন। পরে বিকেলে অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মেয়ে খাদিজা ও স্থানীয়দের ভাষ্যমতে, ঘটনার সময় স্কুল থেকে বাড়ি ফিরে খাদিজা তাঁর মাকে আহত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ সময় ঘরের আসবাবপত্রও এলোমেলো ছিল। পরে আশপাশের লোকজনকে ডেকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত হাসিনা আক্তারের ছেলে সায়মন হোসেন অভিযোগ করেন, এক প্রতিবেশীর সঙ্গে তাঁর বাবার সম্পর্ক রয়েছে। এ নিয়ে তাঁর মা প্রতিবাদ করলে তাঁকে প্রায়ই মারধর করা হতো।
অভিযুক্ত স্বামী মোসলেহ উদ্দিন দাবি করেন, ‘আমার মেয়ে বলেছে মুগুর দিয়ে পিটিয়ে হত্যা করেছি, এটা ঠিক না। কথা কাটাকাটির একপর্যায়ে আমি স্ত্রীকে কয়েকটি চড়-থাপ্পড় দেই। এই মারধরে স্ত্রী মারা যেতে পারে না। তবে ময়নাতদন্তের রিপোর্টে যদি আমি মেরেছি এমন প্রমাণিত হয়, যে শাস্তি আসে, আমি তা মাথা পেতে নেব।’ তাঁর বিরুদ্ধে বিয়ে বহির্ভূত সম্পর্কের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন তিনি।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক শাহাদাত হোসেন জানান, পারিবারিক কলহে স্বামী-স্ত্রীর বিরোধের একপর্যায়ে স্বামী স্ত্রীকে মারধর করেন। নিহতের বাম চোখ, মুখ, ঠোঁট ও হাতে আঘাতের চিহ্ন দেখা গেছে। তবে কী কারণে মৃত্যু হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। তদন্ত চলছে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই শাহপরান বাদী হয়ে মোসলেহ উদ্দিনকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত মোসলেহ উদ্দিনকে কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

নেত্রকোনার কলমাকান্দায় গাংধরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে একটি টেবিল ভেঙে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে বিদ্যালয়টির দোতলা ভবনের বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়ায় প্রায় তিন শ শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ।
৪ মিনিট আগে
কৃষক ও কর্মকর্তাদের সমন্বয়ে বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে কাজ করার ওপর গুরুত্ব দিয়ে জাহাঙ্গীর আলম খান বলেন, কৃষক যেন সেচের জন্য হয়রানির শিকার না হন এবং সময়মতো প্রয়োজনীয় সেবা পান, সেদিকে বিশেষ নজর রাখতে হবে। মাঠে গিয়ে কৃষকের কথা শুনতে হবে এবং তাঁদের সমস্যার দ্রুত সমাধান করতে হবে।
২০ মিনিট আগে
কক্সবাজারের চকরিয়ায় মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী স্লিপার বাসের ধাক্কায় মরিয়ম খাতুন (৮০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ১০ বছর বয়সী নাতনি ইস্পা গুরুতর আহত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়াছড়া স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে সড়কের পাশে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের তিনজন মারা গেছে। আজ রোববার দুপুরে লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তিরা সম্পর্কে দাদা-নাতি ও নাতনি।
১ ঘণ্টা আগে