কুমিল্লায় জমি নিয়ে বিরোধে যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা

কুমিল্লার আদর্শ সদর উপজেলার ছত্রখিল এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে মো. কাউছার (৩৫) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত কাউছার কুমিল্লা নগরের ৪ নম্বর ওয়ার্ডের কাপ্তান বাজার এলাকার বাসিন্দা। দলীয় সূত্রের দাবি, তিনি যুবদলের জেলা কমিটির সঙ্গে যুক্ত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, ছত্রখিল এলাকায় কাউছারের বন্ধু শামীম একটি জমি কেনেন। ওই জমিতে সংস্কারকাজ ও রাস্তা নির্মাণে দীর্ঘদিন ধরে বাধা দিয়ে আসছিলেন স্থানীয় মাঝিগাছা এলাকার খোরশেদ মিয়া ও তাঁর ছেলে তৌহিদ হোসেন।
স্থানীয় সূত্রের ভাষ্য, জমির দখল ও চাঁদা দাবি নিয়ে শামীমের সঙ্গে খোরশেদ মিয়া ও তৌহিদ হোসেনের বিরোধ চলছিল। প্রত্যক্ষদর্শী শামীমের অভিযোগ, জমির দখল নিতে হলে তৌহিদকে চাঁদা দিতে হবে বলে দাবি করা হয়েছিল।
শামীমের অভিযোগ, ওই বিরোধের জেরে শুক্রবার সকালে কাউছারকে সঙ্গে নিয়ে অটোরিকশায় করে জমিটি দেখতে যান তিনি। ছত্রখিল এলাকায় পৌঁছালে সেখানে অবস্থান করা কয়েকজন ব্যক্তি অস্ত্র নিয়ে কাউছারের ওপর হামলা চালান।
হামলাকারীরা কাউছারকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে দুটি মোটরসাইকেলে পালিয়ে যান বলে অভিযোগ। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কুমিল্লা ট্রমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার বলেন, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব বলেন, কাউছার যুবদলের জেলা কমিটিতে ছিলেন। তিনি শান্তশিষ্ট ও ভদ্র স্বভাবের মানুষ ছিলেন এবং ব্যবসা-বাণিজ্য করে জীবিকা নির্বাহ করতেন।
খলিলুর রহমান বিপ্লবের দাবি, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। সরকারের পতনের পর কিছুদিন আত্মগোপনে থাকার পর তাঁরা এলাকায় ফিরে আবার দখল ও চাঁদাবাজিতে জড়িয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু বলেন, দলের একজন একনিষ্ঠ কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় তাঁরা মর্মাহত। তিনি হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, ‘আমাদের দলের একজন নিষ্ঠাবান কর্মীকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের কর্মীরা এভাবে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করল, তা মানতে পারছি না। কাউছারের খুনিদের ধরতে ও ফ্যাসিস্টদের অপতৎপরতা রোধে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা নিতে হবে।’
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।









