কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৫১৯ জন আটক

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৫১৯ জনকে আটক করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার (১৬ অক্টোবর) ভোর পর্যন্ত জেলার ১৮টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ নিয়ে কয়েক দিনের ধারাবাহিক অভিযানে জেলায় মোট আটকের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪১৯।
গতকাল (১৬ অক্টোবর) দুপুরে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা যৌথভাবে নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালান। কিশোর ও উঠতি বয়সী তরুণদের বখাটেপনা এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে, এমন এলাকাগুলোকে অভিযানের আওতায় আনা হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এতে অংশ নেন।
পুলিশ জানায়, অভিযানে আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততার বিষয়টি যাচাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও নজরদারি রাখা হচ্ছে।
এর আগে পরিচালিত ধারাবাহিক অভিযানে ‘র’, ‘ক্রাইম সেটআপ’, ‘স্ম্যাশ স্কোয়াড’, ‘গ্যাং-১২০৭’ ও ‘PX 10’সহ বিভিন্ন নামে পরিচিত কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এসব অভিযানে কথিত ৯ জন মূল হোতাসহ বিপুলসংখ্যক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, কিশোর ও উঠতি বয়সী তরুণদের অপরাধে জড়িয়ে পড়া প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিশোর অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ বদ্ধপরিকর।









