Ajker Patrika

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২

রাবি প্রতিনিধি
রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২
দুর্ঘটনাকবলিত গাড়ি। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর গাড়িচাপায় মো. শাহজালালী (৫০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারীসহ আরও দুজন আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর ২টার দিকে রাজশাহী মহানগরীর তালাইমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজালালীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শামীম হাসান।

অভিযুক্ত শিক্ষার্থীর নাম এস এম রিজন। তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। পাশাপাশি তিনি ‘বেঙ্গল সিগনেচার’ নামে একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বলেও জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ব্যক্তিগত গাড়ি নিয়ে দ্রুতগতিতে যাচ্ছিলেন রিজন। এ সময় তাঁর গাড়ির ধাক্কায় এক নারী পথচারী সড়কের পাশে ছিটকে পড়েন। এরপর গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে তিনি আরও দুই রিকশাচালককে চাপা দেন। এতে ঘটনাস্থলেই রিকশাচালক শাহজালালীর মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন গাড়িসহ রিজনকে আটক করেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শামীম হাসান বলেন, ‘হাসপাতালে তিনজন চিকিৎসা নিতে আসেন। তাঁদের মধ্যে একজন মারা গেছেন। বাকি দুজনের চিকিৎসা চলছে। তাঁরা বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন।’

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) গাজিউর রহমান বলেন, ‘ঘটনাস্থলে লোকজন জড়ো হতে থাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযুক্ত রিজনকে গাড়িসহ থানায় নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রিজনের বিরুদ্ধে মামলা হয়েছে কি না জানতে চাইলে গাজিউর রহমান বলেন, ‘এখনো কোনো মামলা হয়নি। প্রথমে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত