Ajker Patrika

ইলিশবোঝাই পিকআপ লুট, ডাকাত দলের সর্দার গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি
ইলিশবোঝাই পিকআপ লুট, ডাকাত দলের সর্দার গ্রেপ্তার
কুমিল্লায় ১৯ মামলার আসামি আন্তজেলা ডাকাত দলের সর্দার ইদ্রিস মিয়া গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে প্রায় সাড়ে ৯ লাখ টাকার ইলিশবোঝাই পিকআপ ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের সর্দার ইদ্রিস মিয়াকে (২৭) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১১)। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতির ১৯টি মামলা রয়েছে।

গ্রেপ্তার ইদ্রিস মিয়া নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা।

গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে ঢাকার শনির আখড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১১-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ (সিপিসি-২), কুমিল্লা এবং এসআরবি-১০-এর সিপিসি-১, যাত্রাবাড়ীর যৌথ দল এ অভিযান চালায়।

আজ বুধবার সকালে কুমিল্লা নগরীর শাকতলায় এসআরবি-১১-এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২ সেপ্টেম্বর রাতে মুরাদনগর উপজেলার নেয়ামতপুর এলাকায় মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কে ডাকাতির ঘটনাটি ঘটে। লক্ষ্মীপুর সদর এলাকার মাছ ব্যবসায়ী বেল্লাল হোসেন চট্টগ্রামের ফিশারিঘাট থেকে ইলিশ ক্রয়ের পর পিকআপে করে কুমিল্লার বিভিন্ন বাজারে সরবরাহ করছিলেন। রাত সাড়ে ১২টার দিকে নেয়ামতপুর এলাকায় পৌঁছালে একটি সাদা পিকআপ দিয়ে তাঁর গাড়ির পথ আটকে দেয় ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল।

পরে ডাকাতেরা দেশীয় অস্ত্রের মুখে মাছ ব্যবসায়ী, চালক ও তাঁদের সহযোগীকে জিম্মি করে মারধর করে। একপর্যায়ে তাঁদের হাত-পা ও মুখ বেঁধে সড়কের পাশে ফেলে রেখে যায়। এ সময় প্রায় সাড়ে ৯ লাখ টাকা মূল্যের ইলিশবোঝাই পিকআপ এবং ব্যবসায়ীর কাছ থেকে নগদ ৭১ হাজার টাকা লুট করে নিয়ে যায় ডাকাতেরা। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করেন।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বেল্লাল হোসেন বাদী হয়ে মুরাদনগর থানায় ডাকাতির মামলা করেন।

এসআরবি জানায়, ইদ্রিস মিয়ার বিরুদ্ধে থাকা মামলা ও পুলিশি প্রতিবেদন পর্যালোচনা করে দেশের বিভিন্ন থানায় ডাকাতির ১৯টি মামলার তথ্য পাওয়া গেছে। তিনি একটি আন্তজেলা ডাকাত দলের সর্দার। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মুরাদনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত