Ajker Patrika

নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে আগুন, ১২ ঘণ্টায়ও নেভেনি

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ২২: ০৩
নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে আগুন, ১২ ঘণ্টায়ও নেভেনি
রাত ৮টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের উখিয়ায় নলকূপ স্থাপনের জন্য মাটি খনন করতে গিয়ে ভূগর্ভ থেকে গ্যাসের আগুনের ঘটনা ঘটেছে। গ্যাসের গন্ধযুক্ত ধোঁয়া বের হওয়ায় সেখানে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি থাকতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আজ মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

আজ সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ইনানীর ছোট ব্রিজসংলগ্ন এলাকায় মোহাম্মদ আবদুল্লাহর বাড়ির আঙিনায় নলকূপ স্থাপনের জন্য খননকাজ চালানোর সময় এ ঘটনা ঘটে।

মোহাম্মদ আবদুল্লাহ জানান, কয়েক দিন আগে তাঁর বাড়ির আঙিনায় গভীর নলকূপ স্থাপনের কাজ শুরু হয়। প্রায় ৯০০ ফুট গভীর পর্যন্ত খনন করেও খাবার পানি পাওয়া যায়নি। পরে গতকাল সোমবার থেকে অন্য একটি স্থানে খননকাজ শুরু করা হয়। এর মধ্যে আজ মঙ্গলবার সকালে হঠাৎ আগুন ধরে উঠে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে বিকেল পর্যন্ত চেষ্টা চালিয়েও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের উখিয়া স্টেশন কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাটির নিচে গ্যাসের উপস্থিতির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

উখিয়া পল্লীবিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক কাইজার নূর জানান, আগুন জ্বলার স্থানটির কাছেই ৩৩ কেভি বিদ্যুৎ লাইন রয়েছে। আগুন ছড়িয়ে পড়া ও সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার জানান, কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সে জন্য সবাইকে সতর্ক করা হচ্ছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আবদুল মান্নান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেখানে প্রাকৃতিক গ্যাস থেকে এ ঘটনা ঘটেছে। এই কারণে এলাকাটি নিরাপত্তা বলয়ের আওতায় এনে বাপেক্সকে খবর দেওয়া হয়। ঢাকা থেকে দুজনের একটি টিম সন্ধ্যার পর কক্সবাজার পৌঁছেছেন। তাঁরা ঘটনাস্থলে গিয়ে করণীয় ঠিক করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত