রংপুরে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে তিন বাড়িতে ভাঙচুর, শতাধিক পুলিশ মোতায়েন

রংপুরের পীরগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ধর্মকে ব্যঙ্গ করে ভিডিও তৈরির অভিযোগে তিনটি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ সোমবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সদর ইউনিয়নে এক যুবকের বিরুদ্ধে ফেসবুকে ইসলাম ধর্মকে ব্যঙ্গ করে ভিডিও তৈরির অভিযোগ ওঠে। এই অভিযোগ ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে আজ সন্ধ্যায় বিক্ষুব্ধ লোকজন তিনটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, ‘মাগরিবের নামাজের পর একদল লোক আমাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। ওই সময় বিদ্যুৎ না থাকায় হামলাকারীদের চিনতে পারিনি।’
হামলায় ক্ষতিগ্রস্ত এক ভুক্তভোগী বলেন, ‘সন্ধ্যায় একদল লোক আমাদের বাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর করে। এ সময় তিনটি ছাগল ও ঘরের আসবাব লুট করে নিয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’
এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী ও স্থানীয় বিএনপির নেতারা। তাঁরা ঘটনাস্থলের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।








