
কক্সবাজার শহর থেকে ১৫ কিলোমিটার দূরে সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতলী গ্রাম। কৃষিনির্ভর এই গ্রাম ফসল উৎপাদনে এখনো জেলার অনন্য এলাকা। কালের পরিক্রমায় সেই গ্রামের পাতলী খাল ভরাট আর সরু হয়ে গেছে। দীর্ঘ ৪৭ বছর পর প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এই খালটি পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার। আগামীকাল শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান খালটির পুনঃখননকাজের উদ্বোধন করবেন।
১৯৭৯ সালের ৪ ডিসেম্বর পাতলী খাল খনন উদ্বোধন করেছিলেন জিয়াউর রহমান। সেদিন তাঁর সঙ্গে পাতলী খাল খননের সেই স্মৃতি তুলে ধরেন গ্রামের ছৈয়দ নূর মাঝি (৮৫)। তিনি জানান, সেই দিন কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ স্বেচ্ছাশ্রমে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে খাল কাটা কর্মসূচিতে অংশ নেন। তিনি বলেন, ‘জিয়াউর রহমান নিজ হাতে কোদাল নিয়ে আমাদের সঙ্গে মাটি কেটেছেন। টুকরি মাথায় করে মাটি ফেলেছেন। দুপুরে মাটির পাত্রে শ্রমিকদের সঙ্গে ভাত খেয়েছেন। সারা দিন থেকে খাল কাটার কাজ তদারক করেছেন।’
উত্তর পাতলী গ্রামের সোলতান আহমদ (৭৮) বলেন, ‘খাল কাটার দিন দুপুরে স্থানীয় চেয়ারম্যানের বাড়িতে আমরা ভাত খেয়েছিলাম। জিয়াউর রহমানের জন্য আলাদা ব্যবস্থা থাকলেও তিনি মাটির পাত্রে আমাদের সঙ্গেই খেয়েছিলেন। এই স্মৃতি আমার জীবনে দাগ কেটে আছে।’
স্থানীয় মিয়াজীপাড়ার বাসিন্দা শহীদুল ইসলাম (৪৮) বলেন, ‘আমরা বাপ-দাদার কাছ থেকে শুনেছি, একসময় এখানে শুষ্ক মৌসুমে খরা ও বর্ষায় জলাবদ্ধতা দেখা দিয়েছিল। তখন জিয়াউর রহমান পাতলী খাল কেটে কৃষি উৎপাদন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নেন।’
কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. সালাউদ্দিন জানান, আট কিলোমিটার আয়তনের খালটি পুনরুদ্ধার ও খনন করে কৃষি উৎপাদন ও সেচব্যবস্থার উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়েছে।
কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাটি কাটার কাজে অংশ নেন। কোদাল হাতে মাটি কাটার ছবি পরবর্তীকালে তাঁর অন্যতম আলোচিত ও বহুল প্রচারিত আলোকচিত্র হিসেবে পরিচিতি লাভ করে। জনশ্রুতি আছে, ছবিটি পাতলী খাল খননের সময় তোলা হয়েছিল।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জেলার উন্নয়ন নিয়েও নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দাবি নতুন করে সামনে এসেছে।
প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচি ছাড়াও চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, নবগঠিত মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। একই দিন রাতে কক্সবাজার শহরের একটি হোটেলের অডিটরিয়ামে সুধী সমাবেশ শেষে রাতে বিমানযোগে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে তাঁর।

ফরিদপুরে পদ্মা নদীসহ বিভিন্ন জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় ও জলজ বাস্তুসংস্থান সুরক্ষার লক্ষ্যে দিনব্যাপী অভিযান চালানো হয়েছে। এ সময় প্রায় ৮ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয় এবং পরে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
২৮ মিনিট আগে
জয়পুরহাটের কালাই উপজেলায় খোলাবাজারে বিক্রির (ওএমএস) আটা আত্মসাতের অভিযোগে উপজেলা খাদ্য কর্মকর্তাসহ তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে খাদ্য অধিদপ্তর। একই সঙ্গে তাঁদের কালাই উপজেলা থেকে প্রত্যাহার করা হয়েছে এবং ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
৩১ মিনিট আগে
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় রাইসকুকারে ভাত রান্না করার সময় বিদ্যুতায়িত হয়ে আফরোজা খাতুন (২৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই গ্রামের শামীম হোসেনের স্ত্রী।
৩৩ মিনিট আগে
রাজধানীতে ছিনতাইসহ বিভিন্ন অপরাধে ধারালো অস্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে ৪৬৪টি বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে বড় চাপাতি, বড় ছুরি, সুইচ গিয়ার চাকু, কমব্যাট নাইফ, আসল সদৃশ খেলনা পিস্তল, ইলেকট্রিক শক গান
১ ঘণ্টা আগে