Ajker Patrika

কাল মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ২০: ৫০
কাল মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
সচিবালয়ের ‘বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন’ শীর্ষক বৈঠকে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল রোববার সংক্ষিপ্ত সফরে কক্সবাজারের মহেশখালী যাচ্ছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রায় দুই মাসের মধ্যে এটি তাঁর দ্বিতীয় কক্সবাজার সফর। তবে মহেশখালীতে এটিই তাঁর প্রথম সফর।

এই সফরে মহেশখালীর অন্যতম মেগা প্রকল্প মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কক্সবাজারের স্থানীয় প্রশাসন ও দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে মহেশখালীর মাতারবাড়ীর উদ্দেশে রওনা হবেন। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে পৌঁছানোর পর মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন। এ সময় তিনি এসব মেগা প্রকল্পের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে।

মহেশখালীতে এসব মেগা প্রকল্পের পাশাপাশি এসপিএম প্রকল্প, এলএনজি টার্মিনাল, অর্থনৈতিক অঞ্চলসহ তিন লাখ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের কাজ চলমান রয়েছে।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মহেশখালীর মাতারবাড়ীতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। স্থানীয় প্রশাসনের পাশাপাশি দলীয়ভাবেও নেওয়া হয়েছে নানা প্রস্তুতি।

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বলেন, প্রধানমন্ত্রীর এই সফরে কোনো জনসভা হবে না। এটি সম্পূর্ণ সরকারি সফর। মহেশখালীর মেগা প্রকল্পগুলো শুধু বাংলাদেশের জন্য নয়, বিশ্বের জন্যও একটি অর্থনৈতিক হাব হিসেবে গড়ে উঠছে।

মাহফুজ উল্লাহ ফরিদ বলেন, প্রধানমন্ত্রীর সফরে মহেশখালীবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি কক্সবাজারের সঙ্গে সংযোগকারী ‘মহেশখালী সেতু’ নির্মাণের বিষয়টি জোরালোভাবে তুলে ধরা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত