Ajker Patrika

চুয়াডাঙ্গায় ভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি­
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ২১: ২৯
চুয়াডাঙ্গায় ভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা সদর উপজেলায় পাখিভ্যান ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফাহিম (৪) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির মা মোছা. শিউলিসহ চারজন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার নয়মাইল বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফাহিম উপজেলার হাসনহাটি গ্রামের মো. মামুনের ছেলে।

নিহত ফাহিমের দাদি মরিয়ম খাতুন বলেন, ‘নাতি ও ছেলের বউকে নিয়ে দশমাইলে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলাম। ফেরার পথে নয়মাইল বাজারে পাখিভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মায়ের কোল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় ফাহিম। এতে আমরাও আহত হই।’

প্রত্যক্ষদর্শীরা বলেন, এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মেহবুবা মুস্তারি মৌ বলেন, ‘শিশুটিকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান বলেন, দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে পিকআপ ও এর চালককে আটক করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত