
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাতকানিয়া পৌরসভা এলাকায় বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের ধানের শীষের ব্যানার ও ফেস্টুন টাঙাতে গিয়ে জামায়াতের কর্মী-সমর্থকদের হামলায় দুই বিএনপিকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সাতকানিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ছমদরপাড়ার ৪ নম্বর গলি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত বিএনপিকর্মীরা হলেন ছমদরপাড়া এলাকার বাসিন্দা শামসুল আলম (৬১) ও একই এলাকার মো. দেলোয়ার হোসেন (৪৫)।
বিএনপির দলীয় সূত্র জানায়, আজ দুপুরের দিকে সাতকানিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির তিন নেতা-কর্মী ছমদরপাড়ার ৪ নম্বর গলি এলাকায় ধানের শীষের প্রার্থীর ব্যানার ও ফেস্টুন টাঙাচ্ছিলেন। এ সময় সেখানে জামায়াতের কয়েকজন কর্মী-সমর্থক এসে বাধা দেন। পরে জামায়াতের কর্মী-সমর্থকেরা বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা করেন। এতে স্থানীয় বিএনপির দুই কর্মী আহত হয়েছেন। খবর পেয়ে দলীয় লোকজন এসে আহত বিএনপিকর্মীদের উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
আজ বিকেলে বিএনপিদলীয় সংসদ সদস্য প্রার্থী নাজমুল মোস্তফা আমিন আহত বিএনপিকর্মীদের দেখতে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।
নাজমুল মোস্তফা আমিন বলেন, ‘ব্যানার ও ফেস্টুন টাঙানোর সময় বিএনপিকর্মীদের ওপর হামলা শান্তিপূর্ণ নির্বাচনের অন্তরায়। জামায়াতের কর্মীরাই এ হামলা করেছেন। আশা করছি, এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেবে।’
এ ব্যাপারে জানতে চাইলে সাতকানিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ তারেক হোছাঈন বলেন, জামায়াতের কর্মী-সমর্থকেরা এ ধরনের কোনো ঘটনার সঙ্গে জড়িত নন। সম্ভবত তাঁদের দলীয় কোন্দলের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হক বলেন, ‘ব্যানার ও ফেস্টুন টাঙানোর সময় বিএনপির কর্মীদের ওপর হামলাবিষয়ক ঘটনাটি শুনেছি। তবে এ ব্যাপারে থানায় এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়ার পর আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।’

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়াধানগড়া এলাকার রহমতগঞ্জে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়াই দই উৎপাদন এবং অস্বাস্থ্যকর পরিবেশে বাজারজাত করায় একটি মিষ্টির কারখানার মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
৭ মিনিট আগে
পাবনার সাঁথিয়া উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর ঘর থেকে আলিফ হোসেন (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২১ জুলাই) সকালে আতাইকুলা থানার রঘুনাথপুর গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ওই প্রবাসীর স্ত্রীকে আটক করেছে। মৃত আলিফ রঘুনাথপুর গ্রামের মৃত রইচ শেখের ছেলে।
১০ মিনিট আগে
গাইবান্ধা শহর রক্ষা বাঁধের প্রায় দেড় কিলোমিটার অংশ ভারী বৃষ্টিতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অন্তত ২৫টি স্থানে ধস ও গর্ত সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন। পানি উন্নয়ন বোর্ড বলছে, ক্ষতিগ্রস্ত স্থানে মাটির বস্তা ফেলে জরুরি মেরামত চলছে।
১০ মিনিট আগে
সন্ধ্যা গড়াতেই শ্রাবণের বৃষ্টি যেন আরও ঘন হয়ে নামে। হলরুমের কার্নিশ ছুঁয়ে মাধবীলতার পাতায় জমতে থাকে বৃষ্টির ফোঁটা। সেই স্নিগ্ধ সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনজুড়ে ভেসে ওঠে, ‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো...’। বাইরে বৃষ্টির ছন্দ আর ভেতরে নজরুলের প্রেম, দ্রোহ
১১ মিনিট আগে