Ajker Patrika

পিঠা উৎসবে নাসীরুদ্দীন পাটওয়ারীর দিকে একের পর এক ডিম নিক্ষেপ, ‘নারায়ে তাকবির’ স্লোগান কর্মীদের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ২০: ১৪
পিঠা উৎসবে নাসীরুদ্দীন পাটওয়ারীর দিকে একের পর এক ডিম নিক্ষেপ, ‘নারায়ে তাকবির’ স্লোগান কর্মীদের
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে ডিম ছোড়া হয়েছে। ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম বলেন, হাবিবুল্লাহ বাহার কলেজে একটি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় তাঁর ওপর হামলার ঘটনা ঘটে।

নাসীরুদ্দীন পাটওয়ারীর মিডিয়া উইংয়ের সদস্য শামিল আবদুল্লাহ দাবি করেন, ছাত্র নামধারী কিছু ব্যক্তি শিক্ষার্থীরূপে এসে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর অতর্কিত হামলা চালান। এ সময় তিনি তাঁদের মূলত মির্জা আব্বাসের ‘লোক’ বলে দাবি করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি ভিডিও ফুটেজে দেখা যায়, নাসীরুদ্দীন পাটওয়ারী ওই কলেজে গেলে ‘ভুয়া’, ‘ভুয়া’ স্লোগান দিয়ে একদল ব্যক্তি তাঁকে ঘিরে ধরেন। সে সময় নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর কর্মীদের সঙ্গে কলেজের ভেতরে একটি ভবনের বারান্দায় অবস্থান নেন। পরে ঘিরে ধরা ব্যক্তিরা তাঁর উদ্দেশে একের পর এক ডিম নিক্ষেপ করেন। এ সময় তাঁর কর্মীরাও ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ স্লোগান দেন। পরে তিনি কলেজ থেকে বের হয়ে সামনের রাস্তায় বসে পড়েন।

শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে ডিম ছোড়া হয়েছে। ছবি: সংগৃহীত
শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে ডিম ছোড়া হয়েছে। ছবি: সংগৃহীত

এ ঘটনার পর এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে লেখেন, ‘আমার ভাই নাসিরুদ্দীন পাটওয়ারীর ওপর হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে হামলা করেছে ছাত্রদল। ঢাকা-৮ আসনের এমপি প্রার্থী নাসিরুদ্দীন পাটওয়ারী বিগত ফ্যাসিস্ট বিরোধী সময়ের বিপ্লবী যোদ্ধা। পাটওয়ারীদের এত ভয় পাওয়ার কারণ কী? বিরোধী মতকে সহ্য করতে না পেরে হামলে পড়ার চর্চা এত দ্রুত শুরু করলেন আপনারা!’

হাসনাত আরও লেখেন, ’এটা কি আপনাদের প্ল্যানের অংশ? ঢাকা-৮ আসনের ভোটারগণ, এবার আপনারা সিদ্ধান্ত নেবেন। ফ্যাসিস্ট হাসিনার আমলে শত কোটি টাকা বানানো, নেতা-কর্মীদের রক্তের ওপর বসে আঁতাতে ব্যবসা টিকিয়ে রাখা ব্যক্তিদের ভোট দিয়ে সংসদে পাঠাবেন কিনা। যারা একজন এমপি প্রার্থীর প্রতি সহিষ্ণু আচরণ করতে পারে না, তারা কীভাবে জনগণের হকের প্রতি ইনসাফ করবে?’

এর আগে, গত শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরী রোডে মৌচাক এলাকার একটি গলিতে পথসভা চলাকালে নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত