Ajker Patrika

ফের চালু হলো ইআরএল

 আবু বকর ছিদ্দিক, চট্টগ্রাম
ফের চালু হলো ইআরএল
ফাইল ছবি

ক্রুড অয়েল সংকটে সাময়িকভাবে বন্ধ থাকা দেশের একমাত্র সরকারি জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) আবার চালু হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টার পর রিফাইনারিটির কার্যক্রম পুনরায় শুরু হয়।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শরীফ হাসনাত বিষয়টি নিশ্চিত করে জানান, কুতুবদিয়া চ্যানেল এলাকায় অবস্থানরত ক্রুড অয়েলবাহী জাহাজ থেকে লাইটারিংয়ের মাধ্যমে অপরিশোধিত তেল রিফাইনারিতে পৌঁছানো শুরু হয়েছে। সেই তেল পাওয়ার পরই উৎপাদন কার্যক্রম চালু করা সম্ভব হয়েছে।

ইআরএল সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শুরুর আগে সর্বশেষ গত ১৮ ফেব্রুয়ারি দেশে ক্রুড অয়েলের চালান পৌঁছেছিল। দীর্ঘ বিরতির পর বুধবার দুপুরে ‘এমটি নিনেমিয়া’ নামের একটি জাহাজ এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে কুতুবদিয়া চ্যানেলে এসে পৌঁছে। যুদ্ধ শুরুর পর এটিই দেশে আসা প্রথম ক্রুড অয়েলের চালান।

প্রায় ২৪৯ দশমিক ৯৫ মিটার দীর্ঘ বিশাল আকৃতির জাহাজটি কর্ণফুলী নদী হয়ে বন্দরের ডলফিন জেটিতে ভিড়তে না পারায় নিয়ম অনুযায়ী ছোট ছোট ট্যাংকারে তেল খালাস করে ইস্টার্ন রিফাইনারিতে নেওয়া হচ্ছে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে ক্রুড অয়েলের মজুত শেষ হয়ে যাওয়ায় গত ১২ এপ্রিল রাতে ইস্টার্ন রিফাইনারির ক্রুড অয়েল ডিস্টিলেশন ইউনিট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল।

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, ‘এমটি নিনেমিয়া’ নিরাপদে বাংলাদেশে পৌঁছেছে এবং কুতুবদিয়া এলাকায় নোঙর করেছে। কাস্টমস ও সার্ভেয়ার কোম্পানির আনুষ্ঠানিকতা শেষে লাইটারিং কার্যক্রম শুরু হয়েছে। ছোট ট্যাংকারে করে তেল নগরের পতেঙ্গায় অবস্থিত ইস্টার্ন রিফাইনারিতে নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, জাহাজটি সৌদি আরবের লোহিত সাগর উপকূলীয় ইয়ানবু বন্দর থেকে ২১ এপ্রিল সকাল ৬টায় যাত্রা শুরু করেছিল এবং নিরাপদে রেড জোন অতিক্রম করে নির্ধারিত সময়ে বাংলাদেশে পৌঁছেছে।

এদিকে ফুজাইরা থেকে আরও এক লাখ টন ক্রুড অয়েল আনার জন্য ‘এমটি ফসিল’ নামের আরেকটি ট্যাংকার পাঠানো হয়েছে। জাহাজটি ৯ মে বন্দরে পৌঁছাবে এবং ১০ মে তেল লোড করে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করবে বলে জানা গেছে।

অন্যদিকে ‘নর্ডিকস পলাক্স’ নামের আরেকটি জাহাজে থাকা বিপিসির এক লাখ টন অপরিশোধিত তেল হরমুজ প্রণালির অচলাবস্থার কারণে সৌদি আরবের রাস তানুরা বন্দরে আটকা পড়ে আছে।

রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা যায়, ইস্টার্ন রিফাইনারি বছরে প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধন করে, যা দেশের মোট বার্ষিক চাহিদার প্রায় ২০ শতাংশ পূরণ করে। দেশের মোট জ্বালানি চাহিদা প্রায় ৭২ লাখ টন, যার প্রায় ৯২ শতাংশই আমদানি করতে হয়। বাকি ৮ শতাংশ স্থানীয় উৎস ও কনডেনসেট প্রক্রিয়াজাত করে সংগ্রহ করা হয়।

দেশে জ্বালানি চাহিদার তালিকায় ডিজেলের অবস্থান শীর্ষে। এ ছাড়া ফার্নেস অয়েল, পেট্রল, অকটেন, কেরোসিন এবং বিমান চলাচলে ব্যবহৃত জেট ফুয়েলেরও ব্যাপক চাহিদা রয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে বিপিসি মোট ৬৮ লাখ ৩৫ হাজার ৩৪১ টন জ্বালানি তেল বিক্রি করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষক মসজিদের ইমাম নয়, বড় ভাই—ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত

ইলন মাস্কের শুক্রাণু নিয়ে চার সন্তানের জন্ম দেন সহকর্মী জিলিস

‘পুশইন’ ইস্যু নিয়ে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান ভারতের

গাজী গ্রুপে নিয়োগ, বেতন ছাড়াও থাকছে নানা সুবিধা

এমএলএ বাগিয়ে সরকার গঠনের চেষ্টা বিরোধীদের, বিজয়ের দলের বিধায়কদের গণপদত্যাগের হুমকি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত