
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রাম নগরীর নিউমার্কেট মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন সংগঠনটির নেতা-কর্মী ও সমর্থকেরা। আজ শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ৩টায় নগরের কোতোয়ালি থানায় নিউমার্কেট চত্বরে এই অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।
এর আগে ইনকিলাব মঞ্চ, চট্টগ্রামের ব্যানারে একটি মিছিল নিয়ে নেতা-কর্মীরা নিউমার্কেট চত্বরে জড়ো হন। ওই কর্মসূচিতে সংগঠনের সদস্যদের পাশাপাশি জুলাই আন্দোলনে অংশ নেওয়া অনেকেই অংশ নেন।
২০২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে নগরীর এই নিউমার্কেট চত্বর ছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার হটানোর আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু।
আজ নিউমার্কেট চত্বরে অবস্থান কর্মসূচিতে আন্দোলনকারীরা হাদি হত্যায় জড়িত মূল আসামিদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবি জানান।
কর্মসূচিতে ইনকিলাব মঞ্চ চট্টগ্রাম মহানগরের তত্ত্বাবধায়ক এইচ এম শহিদ বলেন, ‘দাবি-দাওয়ার বিষয়ে সুস্পষ্ট কোনো নির্দেশনা না আসা পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলতে থাকবে।’
কর্মসূচিতে ‘নারায়ে তাকবির, আল্লাহ আকবার, হাদি-হাদি, আমরা সবাই হাদি হব, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, ‘হাদি ভাই মরল কেন, ইন্টেরিম জবাব দে,’ ‘এক হাদি যুগান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে,’ ‘দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা,’ ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ স্লোগান ওঠে।
রাত ৮টায় সর্বশেষ এই খবর লেখা পর্যন্ত আন্দোলনকারীরা নিউমার্কেট চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করে যাচ্ছেন। আন্দোলন চালিয়ে যেতে নেতা-কর্মীরা অনড় রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচ শতাধিক ছাত্র-জনতা ওই বিক্ষোভে অংশ নিয়েছেন। এতে ব্যস্ততম নিউমার্কেট মোড়সহ জুবিলী রোডমুখী সড়কের একটি অংশের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আশপাশে সড়কে থেমে থেমে যানজট দেখা দিয়েছে।
এর আগে গতকাল শুক্রবার দুপুরে জুমার নামাজের পর নগরের আন্দরকিল্লা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে ইনকিলাব মঞ্চ, চট্টগ্রামের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কয়েক শ মানুষের অংশগ্রহণে মিছিলটি নগরের মোমিন রোড, চেরাগী পাহাড় হয়ে জামালখানে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ হয়।
এরপর ইনকিলাব মঞ্চ, চট্টগ্রামের নেতারা সংগঠনটির ফেসবুক পেজে শনিবার নিউমার্কেট চত্বরে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন।

প্রতিষ্ঠার সাত দশকেও পাবনা মানসিক হাসপাতালের বহির্বিভাগে নির্মাণ করা হয়নি বিশ্রামাগার। ফলে প্রতিদিন দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাঁর স্বজনেরা। রোগী নিয়ে বহির্বিভাগের সামনে গাদাগাদি করে, কখনো খোলা মাঠে বা গাছতলায় বসে থাকতে হয় স্বজনদের।
১ ঘণ্টা আগে
পর্যটন নগরী কক্সবাজারকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া নেওয়া হচ্ছে। বিদ্যমান কক্সবাজার পৌরসভাকে সম্প্রসারণ করে রামু ও কক্সবাজার সদর উপজেলার পাঁচ ইউনিয়নের কিছু এলাকা অন্তর্ভুক্ত করে বৃহত্তর নগর প্রশাসন গঠনের প্রস্তাব করা হয়েছে।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে খেলার মাঠ উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। গতকাল শুক্রবার উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবগাড়ী হাট মাঠে ওই কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন স্থানীয় বাসিন্দা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আনিছুর রহমান।
১ ঘণ্টা আগে
জনবলসংকট, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি, অপারেশন থিয়েটার না থাকাসহ নানা সমস্যায় ধুঁকছে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এতে ভোগান্তিতে পড়ছে রোগীরা। হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে তাদের জেলা শহরে যেতে হচ্ছে। এতে তাদের সময় ও অর্থ—দুটোই বেশি ব্যয় হচ্ছে।
১ ঘণ্টা আগে