Ajker Patrika

অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ

আজকের পত্রিকা ডেস্ক­
অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ
প্রতীকী ছবি। ছবি: মিডিয়াম

বার্ধক্য ঠেকানো এবং আয়ু বাড়ানোর সম্ভাব্য উপায় নিয়ে নতুন গবেষণায় চমকপ্রদ তথ্য পেয়েছেন বিজ্ঞানীরা। গবেষণায় দেখা গেছে, পুরুষ ইঁদুরের অণ্ডকোষ অপসারণ করলে তাদের আয়ু ৩০ শতাংশেরও বেশি বাড়তে পারে। বিশেষ করে পূর্ণবয়স্ক অবস্থায় অণ্ডকোষ অপসারণ করা ইঁদুরের আয়ু বেড়েছে প্রায় ৩৩ শতাংশ। এত দিন বিজ্ঞানীরা ধারণা করতেন, দীর্ঘায়ুর ক্ষেত্রে এ ধরনের অস্ত্রোপচার জীবনের শুরুর দিকে, অর্থাৎ বয়ঃসন্ধির আগেই করতে হয়। কিন্তু নতুন গবেষণায় দেখা গেছে, অপেক্ষাকৃত বেশি বয়সেও এই অস্ত্রোপচার আয়ু বৃদ্ধিতে কার্যকর হতে পারে।

বিজ্ঞান বিষয়ক সাময়িকী সায়েন্সের খবরে বলা হয়েছে—গবেষণাটি এখনো প্রিপ্রিন্ট পর্যায়ে রয়েছে। অর্থাৎ, গবেষণাটি পিয়ার রিভিউ হয়ে এখনো কোনো জার্নালে প্রকাশ করা হয়নি। এতে বলা হয়েছে, পুরুষ ইঁদুরের অণ্ডকোষ অপসারণের সময় তাদের দীর্ঘায়ুর ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। গবেষকদের মতে, এই ফলাফল বার্ধক্য প্রক্রিয়ায় অণ্ডকোষের ভূমিকা সম্পর্কে প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। তবে এই প্রভাবের পেছনে সুনির্দিষ্ট জৈবিক প্রক্রিয়া এখনো অজানা।

বিজ্ঞানীরা মনে করছেন, অণ্ডকোষ অপসারণের ফলে আয়ু কেন বাড়ে, তার কার্যপ্রক্রিয়া শনাক্ত করা সম্ভব হলে ভবিষ্যতে এমন চিকিৎসাপদ্ধতি উদ্ভাবন করা যেতে পারে, যার মাধ্যমে শরীরের কোনো অঙ্গ অপসারণ ছাড়াই একই ধরনের দীর্ঘায়ুর সুবিধা পাওয়া সম্ভব হবে।

যুক্তরাষ্ট্রের বাক ইনস্টিটিউট ফর রিসার্চ অন এজিংয়ের আণবিক স্নায়ুবিজ্ঞানী অ্যাশলি ওয়েব বলেন, নারী ও পুরুষের আয়ুষ্কালের পার্থক্যের কারণ বোঝার ক্ষেত্রে গবেষণাটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি গবেষণার সঙ্গে যুক্ত না থাকলেও এর বৈজ্ঞানিক ভিত্তির প্রশংসা করেছেন। তাঁর ভাষায়, গবেষণাটির ওপর তাঁর আস্থা রয়েছে।

মানুষসহ স্তন্যপায়ী প্রাণীদের বিভিন্ন প্রজাতিতে নারীরা পুরুষদের তুলনায় বেশি দিন বেঁচে থাকে। যুক্তরাষ্ট্রে নারী ও পুরুষের গড় আয়ুষ্কালের ব্যবধান প্রায় ছয় বছর। বয়সজনিত প্রায় সব ধরনের রোগ, বিশেষ করে ক্যানসার ও হৃদ্রোগের ঝুঁকিও পুরুষদের মধ্যে বেশি।

আত্মহত্যা, হত্যাকাণ্ড ও দুর্ঘটনার মতো বার্ধক্যনিরপেক্ষ কারণে পুরুষদের মৃত্যুহার বেশি হলেও এসব কারণের প্রভাব হিসাব থেকে বাদ দেওয়ার পরও নারী-পুরুষের আয়ুষ্কালের ব্যবধান বজায় থাকে। আলাবামা বিশ্ববিদ্যালয়ের বার্মিংহাম ক্যাম্পাসের বার্ধক্যবিষয়ক গবেষক স্টিভ অস্টাড বলেন, নারীদের দীর্ঘায়ুর সুবিধা মানবজীববিজ্ঞানের অন্যতম সবচেয়ে সুপ্রতিষ্ঠিত বৈশিষ্ট্য। নারীদের তুলনায় পুরুষদের আয়ু কম হওয়ার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে বেশ কিছু গবেষণায় পুরুষদের অণ্ডকোষকে এর অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

১৯৬৯ সালে একটি মানসিক হাসপাতালে থাকা বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধী ব্যক্তিদের ওপর পরিচালিত এক গবেষণায় দেখা যায়, যাঁদের অনিচ্ছাকৃতভাবে খোজাকরণ করা হয়েছিল, তাঁদের আয়ু এক দশকেরও বেশি বাড়তে পারে। পরবর্তী সময়ে ২০২৫ সালে ২২টি মেরুদণ্ডী প্রাণী প্রজাতির তথ্য বিশ্লেষণ করেও গবেষকেরা দেখতে পান, অণ্ডকোষ অপসারণের সঙ্গে আয়ু বৃদ্ধির একটি ধারাবাহিক সম্পর্ক রয়েছে।

তবে গবেষণাগারে ইঁদুরের ওপর এ বিষয়ে অনুসন্ধান চালানো সহজ হয়নি। কারণ, ইঁদুরের বিভিন্ন প্রজাতির মধ্যে আয়ুষ্কালের পার্থক্য রয়েছে। এমনকি কিছু প্রজাতিতে পুরুষ ইঁদুরের আয়ু নারী ইঁদুরের চেয়েও বেশি।

২০২৩ সালে ইউনিভার্সিটি অব টেক্সাস হেলথ সায়েন্স সেন্টার অ্যাট সান আন্তোনিওর বার্ধক্যবিষয়ক গবেষক জেমস নেলসন ও তাঁর সহকর্মীরা এমন একটি প্রজাতির ইঁদুর নিয়ে গবেষণা করেন, যেখানে নারীদের আয়ু পুরুষদের তুলনায় নিয়মিতভাবে বেশি। এই ব্যবধান মানুষের ক্ষেত্রেও দেখা যাওয়া ব্যবধানের কাছাকাছি। সেই গবেষণায় পুরুষ ইঁদুরগুলোর বয়ঃসন্ধির আগেই অণ্ডকোষ অপসারণ করা হয়। এতে দেখা যায়, খোজাকরণ করা পুরুষ ইঁদুরগুলো প্রায় নারী ইঁদুরের সমান সময় বেঁচে থাকে। এ থেকে গবেষকেরা ধারণা করেন, অণ্ডকোষের উপস্থিতি কোনোভাবে পুরুষদের আয়ু কমিয়ে দেয়।

নতুন গবেষণায় জেমস নেলসন, তাঁর স্নাতকোত্তর শিক্ষার্থী লরেন্স মায়েন্স এবং তাঁদের সহকর্মীরা অণ্ডকোষের এই ক্ষতিকর প্রভাব জীবনের ঠিক কোন পর্যায়ে শুরু হয়, তা নির্ধারণের চেষ্টা করেন। এ জন্য তাঁরা একই প্রজাতির পুরুষ ইঁদুরকে তিনটি ভিন্ন বয়সে খোজাকরণ করেন। প্রথম দলটির অণ্ডকোষ অপসারণ করা হয় বয়ঃসন্ধির আগে, দ্বিতীয় দলটির বয়ঃসন্ধির অল্প কিছুদিন পর এবং তৃতীয় দলটির ২৪০ দিন বয়সে। মানুষের বয়সের সঙ্গে তুলনা করলে ২৪০ দিন বয়সী ইঁদুরের বয়স প্রায় ৩০ বছর।

অন্যদিকে, নিয়ন্ত্রণ দলের ইঁদুরগুলোর ক্ষেত্রে প্রকৃত অস্ত্রোপচারের পরিবর্তে একই ধরনের নকল অস্ত্রোপচার করা হয়। ফলে তাদের অণ্ডকোষ অক্ষত থাকে।

গবেষণায় দেখা যায়, অণ্ডকোষ অপসারণ করা তিনটি দলের ইঁদুরই নিয়ন্ত্রণ দলের ইঁদুরের তুলনায় বেশি দিন বেঁচে থাকে। তবে সবচেয়ে বেশি আয়ু বৃদ্ধি পায় ২৪০ দিন বয়সে খোজাকরণ করা ইঁদুরগুলোর। তাদের আয়ু প্রায় ৩৩ শতাংশ বেড়ে যায়। বয়ঃসন্ধির আগে এবং বয়ঃসন্ধির পরে খোজাকরণ করা ইঁদুরের আয়ু যথাক্রমে ১৯ শতাংশ ও ২৬ শতাংশ বৃদ্ধি পায়।

গবেষণার এই ফলাফল গবেষকদেরও বিস্মিত করেছে। গবেষক দলের সদস্য লরেন্স মায়েন্স বলেন, খুব দ্রুতই তাঁদের কাছে বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে যে, তাঁরা নতুন, অপ্রত্যাশিত এবং একই সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু আবিষ্কার করেছেন।

গবেষক স্টিভ অস্টাড জানান, বয়স্ক ইঁদুরগুলোর অণ্ডকোষ অপসারণের পর প্রায় সঙ্গে সঙ্গেই এর প্রভাব দেখা যায়। অস্ত্রোপচারের পর এক বছরেরও বেশি সময় ধরে ওই ইঁদুরগুলোর একটিও মারা যায়নি। অথচ সাধারণত এই বয়সী ইঁদুরের মৃত্যুহার ক্রমাগত বাড়তে থাকে। তাঁর মতে, এটি ছিল অত্যন্ত উল্লেখযোগ্য পরিবর্তন।

গবেষণার লেখকদের ধারণা, জীবনের শুরুর দিকে অণ্ডকোষের উপস্থিতি দীর্ঘায়ু পেতে সহায়তা করতে পারে। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই অঙ্গগুলো ক্ষতিকর হয়ে উঠতে পারে। পূর্ণবয়স্ক অবস্থায় অণ্ডকোষ অপসারণ করা ইঁদুরের বেশি দিন বেঁচে থাকার ফলাফল থেকে তাঁরা এমন ধারণা করছেন।

নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অব ওটাগোর বিবর্তনীয় জীববিজ্ঞানী ও বার্ধক্য গবেষক মাইকেল গ্যারাট বলেন, জীবনের শেষ পর্যায়ে অণ্ডকোষ অপসারণ করলে বেঁচে থাকার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বাড়ে, এ বিষয়ে তিনি নিশ্চিত। তবে স্টিভ অস্টাডের মতে, অণ্ডকোষ ঠিক কখন ক্ষতিকর হয়ে ওঠে, গবেষণাটি সে বিষয়ে একটি গুরুত্বপূর্ণ অনুমান সামনে আনলেও তা নিশ্চিত করতে আরও প্রমাণ প্রয়োজন।

তবে পূর্ণবয়স্ক অবস্থায় খোজাকরণ করা ইঁদুরগুলোর আয়ু সবচেয়ে বেশি বাড়ার কারণ এখনো রহস্য রয়ে গেছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। বরং অণ্ডকোষ অপসারণ করা তিনটি দলের ইঁদুরই প্রায় একই গতিতে শারীরিক সক্ষমতা হারিয়েছে। তাদের মুঠোর শক্তি কমেছে এবং বয়সজনিত দুর্বলতার অন্যান্য লক্ষণও একই হারে দেখা দিয়েছে।

এই রহস্যের সমাধানে গবেষকেরা খোজাকরণ করা ইঁদুরগুলোর দেহ ব্যবচ্ছেদ করে মৃত্যুর কারণ নির্ধারণের পরিকল্পনা করছেন। পাশাপাশি, অণ্ডকোষ থেকে নিঃসৃত এমন কোনো উপাদান শনাক্ত করার চেষ্টা করবেন, যা প্রাণীর আয়ুষ্কালে প্রভাব ফেলে।

মানবদেহে মোট টেস্টোস্টেরনের ৯০ শতাংশেরও বেশি উৎপন্ন হয় প্রজনন অঙ্গগুলোতে। তবে ইঁদুরের ওপর পরিচালিত গবেষণায় দেখা যাওয়া দীর্ঘায়ুর সঙ্গে এই হরমোনের সরাসরি সম্পর্ক রয়েছে, এমন সিদ্ধান্তে পৌঁছানো এখনই ঠিক হবে না বলে মনে করেন মাইকেল গ্যারাট। তাঁর মতে, পুরুষের অণ্ডকোষ অপসারণের ফলে শরীরে একসঙ্গে অনেক ধরনের পরিবর্তন ঘটে। ফলে আয়ু বৃদ্ধির পেছনে ঠিক কোন পরিবর্তনটি দায়ী, তা এখনো নিশ্চিত নয়।

গবেষকদের মতে, অণ্ডকোষ অপসারণের ফলে আয়ু বৃদ্ধির প্রকৃত কারণ শনাক্ত করা গেলে ভবিষ্যতে ‘ক্যাস্ট্রেশন মিমেটিকস’ বা অণ্ডকোষ অপসারণের অনুকরণকারী চিকিৎসাপদ্ধতি উদ্ভাবন সম্ভব হতে পারে। এসব চিকিৎসার মাধ্যমে অঙ্গ অপসারণ ছাড়াই দীর্ঘায়ুর সম্ভাব্য সুবিধা পাওয়া যাবে। এমনকি অপেক্ষাকৃত বেশি বয়সী মানুষের ক্ষেত্রেও এ ধরনের চিকিৎসা কার্যকর হতে পারে।

তবে বিজ্ঞানীরা এ বিষয়ে সতর্ক করে বলেছেন, ইঁদুরের ওপর পাওয়া গবেষণার ফলাফল এখনই মানুষের ক্ষেত্রে প্রয়োগ করার সময় আসেনি। মানুষের আয়ু বাড়ানোর চিকিৎসা হিসেবে অণ্ডকোষ অপসারণ বা এ-সংক্রান্ত কোনো পদ্ধতি ব্যবহারের বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানোর আগে আরও বিস্তর গবেষণা প্রয়োজন।

গবেষণাটি অবশ্য এরই মধ্যে বাস্তব জীবনে একজনের সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। গবেষক দলের সদস্য লরেন্স মায়েন্স সম্প্রতি তাঁর চার বছর বয়সী কুকুরটিকে খোজাকরণ করানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানিয়েছেন, এই গবেষণার ফলাফল তাঁর সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত