
চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাটে নিরাপদ সড়ক, সড়ক বিভাজক (রোড ডিভাইডার) স্থাপন ও মহাসড়ক সংস্কারের দাবিতে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন আন্দোলনকারীরা। ‘ফটিকছড়ির সর্বস্তরের জনতা’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ঝংকার মোড়ে অবস্থান নিয়ে বিভিন্ন দাবিতে স্লোগান দেন।
মঙ্গলবার (২ জুন) রাত ৮টার দিকে শুরু হওয়া অবরোধ কর্মসূচি প্রায় দেড় ঘণ্টা স্থায়ী হয়। এ সময় মহাসড়কের উভয় পাশে প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে শত শত যানবাহন আটকা পড়ে, ফলে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
খবর পেয়ে নাজিরহাট হাইওয়ে পুলিশ ও ফটিকছড়ি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানায়। তবে আন্দোলনকারীরা তাঁদের দাবি পূরণের আশ্বাস না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
একপর্যায়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেন খান আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে গেলে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। পরে যুবদলের কিছু নেতা-কর্মী সড়ক থেকে আন্দোলনকারীদের সরানোর চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে মারামারিতে রূপ নেয় এবং উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে সরে গেলে প্রায় দেড় ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনকারীরা জানিয়েছেন, মহাসড়কে একের পর এক প্রাণহানির ঘটনায় তাঁরা ক্ষুব্ধ। নিরাপদ সড়ক নিশ্চিত করা এবং প্রয়োজনীয় অবকাঠামোগত ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
তবে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাহারুল ইকবাল লাভলু আন্দোলনকারীদের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের সদস্য বলে দাবি করেন। তিনি বলেন, ‘নিরাপদ সড়ক আন্দোলনের অজুহাতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগ সরকারবিরোধী আন্দোলন সৃষ্টি করে সড়কে মব তৈরি করার চেষ্টা করেছিল। যান চলাচল স্বাভাবিক ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সড়ক থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছি।’
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেন খান বলেন, ‘কিছুসংখ্যক লোক নিরাপদ সড়কের ব্যানারে সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দেয়। পরে সড়ক ছেড়ে দেওয়ার জন্য তাদের বোঝানোর চেষ্টা করি। কথা-কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কি হয়।’ ওসি আরও বলেন, ‘আন্দোলনে নিষিদ্ধঘোষিত সংগঠনের কেউ জড়িত আছে কে না, তা খতিয়ে দেখা হচ্ছে।’

টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে ফারুক হত্যা মামলায় সানিয়াত খান বাপ্পাসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।
৫ মিনিট আগে
চট্টগ্রামে অবৈধ অস্ত্র রাখার দায়ে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-৮-এর বিচারক আফরোজা জেসমিন কলি এ রায় ঘোষণা করেন।
৯ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সহপাঠীরা। আজ সোমবার দুপুর ১২টার দিকে আয়োজিত এ মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযুক্ত আব্দুল হেলিম (৫৮) ফাঁসির দাবি জানায়।
১৫ মিনিট আগে
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার পেছনে রিকশাযাত্রীকে থামিয়ে ছুরি দেখিয়ে মোবাইল ও টাকাপয়সা ছিনিয়ে নেওয়ার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে নগরের বাকলিয়া থানা এলাকা থেকে...
২৬ মিনিট আগে