Ajker Patrika

চট্টগ্রামে ফেনসিডিলের মামলায় ২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ১৯: ২১
চট্টগ্রামে ফেনসিডিলের মামলায় ২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে চৌদ্দ বছর আগে একটি কাভার্ড ভ্যান থেকে ফেনসিডিল উদ্ধারের মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (৪ নভেম্বর) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক জেসমিন কলির আদালত এ রায় দেন।

তবে রায় ঘোষণার সময় উভয় আসামি পলাতক ছিলেন। এ সময় আদালত আসামিদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা এলাকার আব্দুল মালেকের ছেলে জামাল উদ্দিন (৪৪) ও একই এলাকার হাবিন উল্লাহর ছেলে রফিক মিয়া। তাঁদের মধ্যে রফিক মিয়া কাভার্ড ভ্যানটির চালক ছিলেন।

আদালতের বেঞ্চ সহকারী নাইম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় জামাল উদ্দিন ও রফিক মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

মামলার নথি থেকে জানা গেছে, ২০১২ সালের ১৪ নভেম্বর নগরের পাহাড়তলী থানার সিটি গেট পুলিশ চেকপোস্টের প্রায় ১০০ গজ দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় চট্টগ্রাম শহরে প্রবেশপথে একটি কাভার্ড ভ্যানকে থামার সংকেত দেওয়া হয়। চালক পুলিশের উপস্থিতি দেখে সুবিধাজনক জায়গায় গাড়ি থামিয়ে দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হন। পরে চালকের পাশের আসনে থাকা জামাল উদ্দিনকে আটক করে পুলিশ। এ সময় তাঁর দেখানোমতে কেবিনে তল্লাশি চালিয়ে একটি চটের বস্তা থেকে ১৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় পাহাড়তলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন তৎকালীন উপপরিদর্শক (এসআই) আবু ছালেক।

মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দিলে ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত