
চট্টগ্রামে বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির ছাত্র আশফাক কবির সাজিদকে নির্মাণাধীন আটতলা ভবন থেকে ফেলে হত্যার ঘটনায় আরও এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গত শুক্রবার (২৬ জুন) রাত ১১টা নাগাদ চট্টগ্রামে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা এলাকা থেকে মো. ইশতিয়াক (২২) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইশতিয়াক নগরের চকবাজার থানার কবরস্থান-সংলগ্ন ডিসি রোডের মো. ইদ্রিসের ছেলে।
আজ শনিবার বিকেলে র্যাব-৭ মুখপাত্র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন আজকের পত্রিকাকে বলেন, কলেজশিক্ষার্থী আশফাক কবির সাজিদ হত্যা মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি হলেন ইশতিয়াক। হত্যাকাণ্ডের ঘটনার পর তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার শিলক মিনাগাজির টিলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর আসামিকে চকবাজার থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত ১২ এপ্রিল বিকেলে ডিসি রোডে আবাসিক এলাকায় আটতলার একটি নির্মাণাধীন ভবনের লিফট চলাচলের জায়গায় কলেজশিক্ষার্থী আশফাক কবির সাজিদকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পরদিন (১৩ এপ্রিল) চকবাজার থানায় নিহত শিক্ষার্থীর পূর্বপরিচিত কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা হয়। সাজিদ কক্সবাজারের চকরিয়া উপজেলার আবুল হাশেম খন্দকারের ছেলে। সে নগরের বাকলিয়া ডিসি রোড এলাকায় বাসা ভাড়া করে থাকত।
মামলার বরাতে জানা গেছে, ঘটনার সময় সাজিদ বন্ধু ফারদিন হাসানের সঙ্গে বউবাজার এলাকায় একটি টংদোকানের সামনে বসে কথা বলছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাঁকে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে জীবন বাঁচাতে সাজিদ দৌড়ে মৌসুমি আবাসিক এলাকায় আটতলার একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নেয়। দুর্বৃত্তরাও ওই ভবনের ভেতরে প্রবেশ করে তাঁকে মারধরের পর অষ্টম তলা থেকে নিচে ফেলে দেয়।
প্রাথমিক তদন্তে কিশোর গ্যাংয়ের মধ্যে দ্বন্দ্ব থেকে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় এর আগেও কয়েকজন আসামিকে গ্রেপ্তার করে র্যাব।

জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ...
৪৪ মিনিট আগে
নরসিংদীর নাগরিয়াকান্দি সেতু থেকে একটি কুকুরের গলায় রশি দিয়ে ইট বেঁধে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে আলোচিত এ ঘটনায় দুজন গ্রেপ্তার হলেন। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নরসিংদী শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে শাহিনারা বেগম (৫২) নামের ওই নারীকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
জাতীয় পার্টির গঙ্গাচড়া উপজেলা শাখার বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। জাতীয় পার্টি রংপুর জেলা শাখার আহ্বায়ক মো. আজমল হোসেন লেবু ও সদস্যসচিব মো. আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক সাংগঠনিক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
উজানের ঢলে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও তিস্তা নদীর পানি ফের বাড়তে শুরু করেছে। আগামী তিন দিন ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে কুড়িগ্রামসহ রংপুর বিভাগের ৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
১ ঘণ্টা আগে