Ajker Patrika

জমি কিনতে বেরিয়ে ছিনতাইকারীর কবলে নারী, খোয়ালেন ২৫ লাখ টাকা

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ২০: ৫০
জমি কিনতে বেরিয়ে ছিনতাইকারীর কবলে নারী, খোয়ালেন ২৫ লাখ টাকা
নগদ টাকা খুইয়ে পাগলপ্রায় নারী। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের রাউজানে জমি রেজিস্ট্রির জন্য সিএনজিচালিত অটোরিকশায় যাওয়ার পথে সামশুন নাহার নামে এক নারীর কাছ থেকে অস্ত্রের মুখে ২৫ লাখ টাকা ও একটি মুঠোফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের উত্তর গুজরা রাজচন্দ্রপাড়ার ডিসি নতুন বাজার সড়কে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সামশুন নাহার (৫০) পূর্ব গুজরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড়ঠাকুরপাড়া ইসমাঈল সওদাগর বাড়ির বাসিন্দা। জমি রেজিস্ট্রির জন্য তিনি নগদ টাকা নিয়ে রাউজান সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে যাচ্ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ঘটনাস্থলে পৌঁছালে দুইটি মোটরসাইকেলে আসা ছয়জন ব্যক্তি তিনটি আগ্নেয়াস্ত্র নিয়ে অটোরিকশার গতিরোধ করেন। অস্ত্রের মুখে তাঁরা সামশুন নাহারের ব্যাগ থেকে ২৫ লাখ টাকা ও একটি মুঠোফোন নিয়ে যান। অটোরিকশাচালকের একটি মুঠোফোন এবং অটোরিকশার চাবিও নিয়ে নেন তাঁরা।

স্থানীয় বাসিন্দা মো. জসিম উদ্দিন বলেন, ‘আমি আসার পাঁচ মিনিট আগে এই ঘটনা ঘটেছে। এভাবে দিনদুপুরে ছিনতাই হলে আমাদের নিরাপত্তা কোথায়?’

সামশুন নাহার বলেন, ‘আমার কাছে মোট ২৭ লাখ টাকা ছিল। ২৫ লাখ টাকা ব্যাগে ছিল, আর দুই লাখ টাকা জমির কাগজপত্রের ব্যাগে ছিল। অস্ত্রের মুখে ছিনতাইকারীরা ২৫ লাখ টাকা নিয়ে গেছে। এ বিষয়ে আমি রাউজান থানায় একটি অভিযোগ করেছি।’

সামশুন নাহারের ছেলে মো. আরিফ জানান, পৌরসভার চারাবটতলা এলাকায় ৮ শতক জমি কেনার জন্য জমির মালিকের সঙ্গে ৩২ লাখ টাকায় কথা হয়। পাঁচ লাখ টাকা বায়না দেওয়া হয়েছিল। আজ ২৭ লাখ টাকা নিয়ে তাঁর মা ও দলিল লেখক সাব-রেজিস্ট্রার কার্যালয়ে যাচ্ছিলেন। এ বিষয়ে প্রশাসনের কাছে যথাযথ সহযোগিতা চেয়েছেন তিনি।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত