Ajker Patrika

চাঁদপুরে বিল থেকে বস্তাবন্দী অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ১৭: ১১
চাঁদপুরে বিল থেকে বস্তাবন্দী অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার পৌর এলাকার একটি বিল থেকে বস্তাবন্দী অজ্ঞাতনামা মধ্যবয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে মতলব পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চরমুকুন্দী গ্রামের জোড় ব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সকালে গ্রামের এক ব্যক্তি বিলে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে কম্বলে মোড়ানো বস্তাসদৃশ একটি বস্তু দেখতে পান। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দাদের ধারণা, কয়েক দিন আগে ওই নারীকে হত্যা করে মরদেহটি বিলে ফেলে দেওয়া হয়েছে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এখন পর্যন্ত তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা ও তদন্ত চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত