Ajker Patrika

কর্ণফুলী টানেল: প্রকল্পে ধীরগতি, সড়কে ব্যয় বাড়ল ৫৭ কোটি

• সংযোগ সড়কের প্রকল্প হাতে নেওয়া হয়েছিল ২০২০ সালে

• প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ২০২২ সালের জুনে

• কয়েক দফায় মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর করা হয়েছিল

• এরপরও শেষ হয়নি কাজ, ছয় মাস সময় বাড়ানো হয়েছে

মো. ইমরান হোসাইন, কর্ণফুলী (চট্টগ্রাম)
কর্ণফুলী টানেল: প্রকল্পে ধীরগতি, সড়কে ব্যয় বাড়ল ৫৭ কোটি
চট্টগ্রামে কর্ণফুলী টানেল চালুর তিন বছর পেরিয়ে গেলেও এখনো সংযোগ সড়কের কাজ শেষ হয়নি। এরই মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে নতুন করে আরও ৫৭ কোটি টাকা ব্যয় বাড়ানো হয়েছে। ছবি: আজকের পত্রিকা

কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বহুল প্রতীক্ষিত টানেল চালুর তিন বছর পেরিয়ে গেলেও এখনো পূর্ণতা পায়নি সংযোগ সড়ক। উন্নয়নকাজের চরম ধীরগতির কারণে প্রতিনিয়ত তীব্র যানজট ও জনভোগান্তি পোহাতে হচ্ছে দক্ষিণ চট্টগ্রামের লক্ষাধিক মানুষের। এরই মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে নতুন করে আরও ৬ মাস মেয়াদ এবং ৫৭ কোটি টাকা ব্যয় বাড়ানো হয়েছে।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের তথ্য অনুযায়ী, কর্ণফুলী টানেলকে ঘিরে দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগব্যবস্থার সক্ষমতা বাড়াতে শিকলবাহা ওয়াই জংশন থেকে আনোয়ারার কালাবিবির দীঘি পর্যন্ত প্রায় সাড়ে ১১ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়। এর মধ্য দিয়ে টানেল হয়ে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা, কর্ণফুলী, বাঁশখালী, চকরিয়া, পেকুয়া, লোহাগাড়া, সাতকানিয়া, কক্সবাজারসহ বিভিন্ন উপজেলা যুক্ত হওয়ার কথা।

এ লক্ষ্যে ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘কর্ণফুলী টানেল সংযোগ সড়ক উন্নয়ন প্রকল্প’ অনুমোদন দেওয়া হয়। প্রাথমিকভাবে প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয়েছিল প্রায় ৪০৭ কোটি টাকা।

২০২০ সালের ১ জানুয়ারি শুরু হওয়া প্রকল্পটির কাজ ২০২২ সালের জুনে শেষ হওয়ার কথা ছিল। তবে নানা প্রতিবন্ধকতায় নির্ধারিত সময়ে তা বাস্তবায়ন সম্ভব হয়নি। কয়েক দফায় মেয়াদ বাড়িয়ে সর্বশেষ ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল। তাতেও কাজ শেষ না হওয়ায় এবার নতুন করে ছয় মাস সময় বাড়ানো হয়েছে। প্রকল্পের ব্যয় বৃদ্ধির বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে। ১২ নভেম্বর সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে একটি প্যাকেজের চুক্তিমূল্য ৫৬ কোটি ৯০ লাখ ৭ হাজার ৩১৫ টাকা বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে ওই প্যাকেজের সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ৩২৩ কোটি ৪ লাখ ৭০ হাজার ২৬৫ টাকা। মূল চুক্তিমূল্য ২৬৬ কোটি ১৪ লাখ টাকার তুলনায় ব্যয় বেড়েছে ২১ দশমিক ৩৭৯ শতাংশ।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সংযোগ সড়কের কাজ শেষ করার নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের জুন মাস। বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক ও জনপথ বিভাগের চট্টগ্রাম দক্ষিণের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা।

প্রকল্পের আওতায় শুধু সড়ক চার লেনে উন্নীত করাই নয়, ধীরগতির যানবাহনের জন্য পৃথক লেন নির্মাণ, সড়কের বাঁধ প্রশস্তকরণ এবং মধ্যবর্তী স্থানে বৃক্ষরোপণের পরিকল্পনাও রয়েছে। তবে বাস্তবে এসব উন্নয়নকাজের সুফল পেতে এখনো অপেক্ষায় থাকতে হচ্ছে সড়ক ব্যবহারকারীদের।

স্থানীয় বাসিন্দা খোরশেদ আলম বলেন, দীর্ঘ সময় ধরে কাজ চললেও সড়কের বিভিন্ন অংশের কাজ এখনো অসমাপ্ত। কর্ণফুলীর ফকিরনীর হাট, শাহমীরপুর, ফাজিলখার হাট, মিয়ার হাট, বড়উঠান ডাকপাড়া ও চাতরী চৌমুহনী এলাকায় উন্নয়নকাজের চরম ধীরগতির কারণে প্রতিনিয়ত এসব সড়কে তীব্র যানজট ও জনভোগান্তি পোহাতে হচ্ছে দক্ষিণ চট্টগ্রামের লক্ষাধিক মানুষের।

সড়ক ও জনপথ বিভাগের চট্টগ্রাম দক্ষিণের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, ‘কর্ণফুলীর শিকলবাহা থেকে আনোয়ারা সড়ক সম্প্রসারণ প্রকল্পের প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। প্রকল্পের কাজ শেষ করতে নতুন করে আরও ৬ মাস মেয়াদ এবং ৫৭ কোটি টাকা ব্যয় বাড়ানো হয়েছে। সংযোগ সড়কের কাজ শেষ করার নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের জুন মাস।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত