
চট্টগ্রামে সাবেক ইসকন নেতা ও সনাতন সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর আদালত প্রাঙ্গণে বিক্ষোভ, সংঘর্ষ, ভাঙচুর ও আইনজীবীকে হত্যার ঘটনায় ৩০ জনকে আটক করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে যৌথ বাহিনী তাদের আটক করে।
চট্টগ্রাম নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যৌথ বাহিনীর অভিযানে ৩০ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের যাচাইবাছাই চলছে।
এডিসি বলেন, মঙ্গলবারের ঘটনায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় একটি, অন্যটি আইনজীবীকে হত্যার ঘটনায়। আটক ব্যক্তিদের যাচাই-বাছাই শেষে তাঁদের এসব মামলায় গ্রেপ্তার দেখানো হবে।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে ঘটনার পর থেকে মধ্যরাত পর্যন্ত নগরীর পাথরঘাটা মাথার পট্টি, আন্দরকিল্লা, হাজারী গলি, ফিরিঙ্গি বাজার এলাকায় অভিযান চালিয়ে যৌথ বাহিনী তাঁদের আটক করেছে।
এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে ও ইসকন নিষিদ্ধের দাবিতে বুধবার সকাল থেকে নগরের নিউমার্কেট মোড় ও আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন ছাত্র-জনতা ও আইনজীবীরা।
এর আগে সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় দাসকে গ্রেপ্তার করে ঢাকা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
মঙ্গলবার রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে চট্টগ্রাম আদালতে তোলা হয়। এ সময় আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে নেওয়ার সময় চিন্ময়ের সমর্থক একদল বিক্ষোভকারী প্রায় তিন ঘণ্টা তাঁর প্রিজন ভ্যান আটকে রাখেন। পুলিশ সরাতে গেলে তাঁদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় বিক্ষোভকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, এপিবিএন ও বিজিবি সদস্যরা লাঠিপেটা ও টিয়ার শেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেন।
বেলা ৩টা নাগাদ ওই সংঘর্ষ চলাকালে আদালত এলাকার প্রবেশমুখে রঙ্গম টাওয়ার এলাকায় একদল দুর্বৃত্ত রাষ্ট্রপক্ষের এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করে। আইনজীবী নিহতের খবর ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়।
পরে আদালতে আইনজীবীরা বিক্ষোভ মিছিলের পাশাপাশি বুধবার কর্মবিরতির ডাক দেন। ওই দিন সন্ধ্যায় তৌহিদী জনতার ব্যানারে নিউমার্কেট মোড়ে সাধারণ মানুষ জড়ো হয়ে ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেন। বুধবারও এই বিক্ষোভ অব্যাহত রয়েছে।
পুলিশ বলেছে, মঙ্গলবার ওই সংঘর্ষের ঘটনায় এক আইনজীবী নিহতের পাশাপাশি পুলিশের ১২ সদস্যসহ ১৮ জন আহত হয়েছেন। যাঁদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চিন্ময়ের জামিন নামঞ্জুরের পর ওই শুনানির বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে জামিন চেয়ে পিটিশন দাখিল করেন চিন্ময়ের আইনজীবীরা। আজ বুধবার দায়রা জজ আদালতে আবেদনের ওপর শুনানির কথা থাকলেও আইনজীবী সাইফুল হত্যাকারীদের বিচারের দাবিতে আদালত বর্জনের ডাক দেওয়ায় শুনানি না-ও হতে পারে বলে জানান আইনজীবীরা।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. নাজিম উদ্দিন বলেন, বুধবার সকাল সাড়ে ৮টায় নিহত আইনজীবী সাইফুলের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর সকাল ১০টায় আদালত প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা হবে। পরে বেলা ১১টায় নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে দ্বিতীয় এবং বাদ আসর গ্রামের বাড়ি লোহাগাড়ায় তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

ময়মনসিংহের নান্দাইলে শালবন পরিবহনের একটি দ্রুতগামী বাসের ধাক্কায় মোছা. আছিয়া খাতুন (৬৩) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে নান্দাইল-কানুরামপুর-ত্রিশাল সড়কের চরবেতাগৈর ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
আজ বুধবার দুপুর ১২টার দিকে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে অস্ত্রধারী কয়েকজন ব্যক্তি বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষককে খুঁজতে থাকেন। পরে বিদ্যালয়ের পাশে একটি ছোট চায়ের দোকান থেকে তাঁর পরিচয় নিশ্চিত করে অস্ত্রের মুখে নৌকায় তুলে অজ্ঞাত স্থানের দিকে নিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
১৪ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জে বাল্যবিবাহ আয়োজন ও সহযোগিতার অপরাধে বর, মেয়ের বাবা ও ঘটককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় কনের বোনকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এ ছাড়া বিয়ের সঙ্গে জড়িত কাজিকেও আটকের চেষ্টা চলছে।
১৬ মিনিট আগে
ফুটবল ক্রয়ের টাকা জোগাড় করতে তারা পাশের বাড়ির হাঁস চুরি করে। পরে সেই হাঁস বিক্রি করতে নেওয়া হয় ধুরুং বাজারে। কিন্তু বিক্রির আগেই বিষয়টি জানাজানি হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও এলাকায় ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব আবুল কাশেমের।
১৮ মিনিট আগে