ফেসবুকে ভিডিও ছড়াতেই তোলপাড়, কচুয়ায় যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

চাঁদপুরের কচুয়া উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে বিদ্যালয়ের চুক্তিভিত্তিক শিক্ষক সাফিক ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
গতকাল মঙ্গলবার ফেসবুকে ওই শিক্ষকের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীরা উপজেলার সাচার বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভকারীরা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেয়।
ঘটনার খবর পেয়ে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়ের নির্দেশে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ খান ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিক তদন্তের ভিত্তিতে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিবেদন দাখিল করেন।
বিকেল ৪টার দিকে সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে সাফিক ভূঁইয়াকে আটক করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর বিদ্যালয়ের পার্শ্ববর্তী ছাত্রাবাসে প্রাইভেট পড়ানোর সময় দশম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে সাফিক ভূঁইয়ার বিরুদ্ধে। পরবর্তী সময়ে ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
গতকাল মঙ্গলবার রাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কচুয়া থানায় মামলা করেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, সাফিক ভূঁইয়া নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর গ্রামের বশির উদ্দিনের ছেলে। তিনি গত পাঁচ বছর ধরে সাচারে একটি বিদ্যালয়ে চুক্তিভিত্তিক ইংরেজি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক অভিযোগ করেন, সাফিক ভূঁইয়া বিদ্যালয়ের ছাত্রাবাসে শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ রয়েছে। অভিভাবকেরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘ঘটনাটি আগে আমার জানা ছিল না। পরে জানতে পেরে যৌন নিপীড়নের অভিযোগে তাঁর বিরুদ্ধে কচুয়া থানায় নিয়মিত মামলা করা হয়েছে।’
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম আকাশ বলেন, সাফিক ভূঁইয়াকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবারই চাঁদপুরের আদালতে সোপর্দ করা হয়েছে।
ঘটনাটি ঘিরে সাচার এলাকায় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তাঁরা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযোগের সুষ্ঠু বিচার দাবি করেছেন।









