Ajker Patrika

ফরিদগঞ্জে রোগীকে শ্লীলতাহানির অভিযোগ দাঁতের ডাক্তারের বিরুদ্ধে

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
ফরিদগঞ্জে রোগীকে শ্লীলতাহানির অভিযোগ দাঁতের ডাক্তারের বিরুদ্ধে
এইচ এম এ আলী আকবর রনি। ছবি: সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জে দাঁতের চিকিৎসা নিতে গিয়ে এক নারী যৌন হয়রানির শিকার হয়েছেন। উপজেলার রূপসা বাজারের ডিজিটাল ডেন্টাল কেয়ারের ডিপ্লোমা চিকিৎসক এবং রূপসা (উত্তর) ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জেনারেল এইচ এম এ আলী আকবর রনির বিরুদ্ধে অভিযোগটি করা হয়েছে। গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে। তবে লিখিত অভিযোগ না দেওয়ায় এ ঘটনায় মামলা হয়নি।

ভুক্তভোগী নারীর পক্ষ থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর অভিযোগ ও স্থানীয়দের বক্তব্য শোনে। আজ সোমবার বিকেল ৪টা পর্যন্ত অভিযুক্ত চিকিৎসকের চেম্বার বন্ধ পাওয়া গেছে।

ভুক্তভোগী নারীর অভিযোগ, দাঁতে ক্যাপ লাগানোর জন্য তিনি আলী আকবর রনির কাছে যান। চেম্বারে একা পেয়ে চিকিৎসক তাঁকে যৌন হয়রানি করেন।

ভুক্তভোগী নারী বলেন, প্রতিবাদ করলে চিকিৎসক তাঁর হাত চেপে ধরেন। পরে তাঁকে ধাক্কা দিয়ে তিনি চেম্বার থেকে বের হয়ে পরিবারের সদস্য ও স্থানীয়দের বিষয়টি জানান।

ভুক্তভোগী নারীর ভাষ্য, অভিযুক্ত চিকিৎসক জামায়াতের রূপসা (উত্তর) ইউনিয়ন সেক্রেটারি জেনারেল। বিষয়টি মীমাংসা করে দেওয়ার কথা বলে তাঁর পক্ষে দলীয় লোকজন ভুক্তভোগীর বাবার সঙ্গে কথা বলেছেন।

ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক নুরুল আলম বলেন, ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সামনে ওই নারী জানান, দাঁতের চিকিৎসা নিতে আলী আকবর রনির চেম্বারে যাওয়ার পর চিকিৎসার একপর্যায়ে তাঁর শ্লীলতাহানি করা হয়। এ কারণে তিনি ৯৯৯-এ কল দেন।

নুরুল আলম আরও বলেন, চেম্বারে গিয়ে আলী আকবর রনিকে পাওয়া যায়নি। তিনি আত্মগোপনে চলে গেছেন বলে পুলিশ জানতে পেরেছে। ভুক্তভোগী নারীকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হলেও তিনি তাৎক্ষণিকভাবে অভিযোগ দেননি।

রূপসা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আজিম বলেন, ঘটনার পর ভুক্তভোগী নারীর পরিবারের পক্ষ থেকে তাঁকে রনির চেম্বারে যেতে বলা হয়। সেখানে যাওয়ার পর চিকিৎসকের সামনেই ওই নারী তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন এবং ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। ওই সময় নারীর ভাইও উপস্থিত ছিলেন।

আজিম বলেন, ‘অভিযোগের জবাবে চিকিৎসক বলেন, ‘‘চিকিৎসার সময় হাত লাগতে পারে।’’ পরে তিনি ওই নারীকে থানায় অভিযোগ করার পরামর্শ দিয়ে সেখান থেকে চলে যান। এরপর ওই নারী ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে যায়।’

অভিযুক্ত আলী আকবর রনিকে তাঁর চেম্বারে পাওয়া যায়নি। বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় ব্যক্তি বলেন, আলী আকবর রনির বিরুদ্ধে এর আগেও কয়েকটি অভিযোগ উঠেছে। তবে কেউ থানায় অভিযোগ করেননি। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের উদ্যোগে ঘটনার তদন্ত এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তাঁরা।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এরশাদ উল্লাহ বলেন, ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। ভুক্তভোগী নারী পুলিশের কাছে ঘটনার বর্ণনা দিয়েছেন। তবে কী কারণে তিনি লিখিত অভিযোগ দিতে চাননি, তা পুলিশ জানে না। লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত