আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে চাঁদপুরে আইনজীবীদের বিক্ষোভ

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আইনজীবীরা। আজ রোববার (২৯ নভেম্বর) সকালে চাঁদপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে চাঁদপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
এতে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি অ্যাডভোকেট শরীফ মাহমুদ ফেরদাউস শাহিন। সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন মেহেদী হাসানের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য দেন পিপি অ্যাডভোকেট কুহিনুর রশিদ, জিপি রফিকুল হাসান রিপন, স্পেশাল পিপি শিরিন সুলতানা মুক্তা, জেলা আইনজীবী সমিতির সভাপতি শামসুল ইসলাম মন্টু ও সাধারণ সম্পাদক জাকির হোসেন ফয়সাল।
এ ছাড়া বক্তব্য দেন ফোরামের সদস্য অ্যাডভোকেট রেহানা ইয়াসমিন কচি, তাফাজ্জল হোসেন, তৌহিদুল ইসলাম তরুণ, আলম খান মঞ্জু, হুমায়ূন কবির, ইয়াসিন আরাফাত ইকরাম, আতিক হাওলাদার, কামাল হোসেন, সাদ্দাম, শামিম হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশে আইনশৃঙ্খলা, গণতান্ত্রিক স্থিতিশীলতা ও জননিরাপত্তার স্বার্থে যেকোনো ধরনের নৈরাজ্য, সহিংসতা, অগ্নিসংযোগ, ভাঙচুর এবং জনজীবন বিপর্যস্ত করার কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। তাঁরা আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কিংবা যেকোনো রাজনৈতিক সংগঠনের নামে কেউ আইনবহির্ভূত কর্মকাণ্ড, সহিংসতা বা জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক পরিচয় কিংবা অতীতে ক্ষমতায় থাকার অবস্থান কাউকে আইনের ঊর্ধ্বে রাখে না বলেও তারা উল্লেখ করেন।









